চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি লড়াই। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা এবং বসবাসের অধিকার (রেসিডেন্সি রাইটস) সংক্রান্ত আবেদন প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা। এর ফলে এই মামলার সমস্ত আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটেছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত মতপার্থক্যের কারণে বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন বিজয় ও সঙ্গীতা। এরপর গত বছরের ডিসেম্বরে চেঙ্গালপাট্টু জেলা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদ এবং বসবাসের অধিকার চেয়ে আবেদন করেন সঙ্গীতা।
এর আগে মামলাটির শুনানি তিনবার হয়েছে। উভয় পক্ষের পরিচিতি ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনা করে আদালত তাঁদের ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দিয়েছিল এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেয়।
শুক্রবার মামলার শুনানি শুরু হলে বিজয়ের আইনজীবী জানান, তামিলনাড়ু বিধানসভার অধিবেশন চলায় তিনি উপস্থিত থাকতে পারছেন না। সেই কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়।
অন্যদিকে, সঙ্গীতার আইনজীবীরা নির্ধারিত সময়েই শুনানি চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলাটি দুপুরের অধিবেশন পর্যন্ত মুলতবি রাখে।
দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারিবারিক আদালতের বিচারক সুজাথার সামনে হাজির হন সঙ্গীতা। প্রায় ১৫ মিনিট ধরে নিজের বক্তব্য তুলে ধরার পর তিনি বিবাহবিচ্ছেদ এবং বসবাসের অধিকার সংক্রান্ত—দুটি আবেদনই স্বেচ্ছায় প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন।
সঙ্গীতার বক্তব্য নথিভুক্ত করার পর আদালত তাঁর আবেদন গ্রহণ করে। এর ফলে বিজয়ের বিরুদ্ধে দায়ের করা সমস্ত আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। আদালত সূত্রের খবর, আবেদন স্বেচ্ছায় প্রত্যাহার করায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে সঙ্গীতা এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও কোনও প্রকাশ্য মন্তব্য করেননি তিনি বা মুখ্যমন্ত্রী বিজয়।
উল্লেখ্য, বিজয় ও সঙ্গীতার সম্পর্কের ইতিহাস প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে হিন্দু রীতিনীতি মেনে তাঁদের আন্তঃধর্মীয় বিয়ে হয়। ২০০০ সালের ২৬ আগস্ট তাঁদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্ম হয়। পরে ২০০৫ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে তাঁদের এই সিদ্ধান্ত ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক ও বিনোদন মহলে জোর চর্চা শুরু হয়েছে।



















