আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে নামল প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি।
সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিল থেকে আগরতলা শহরের রাস্তা, নিকাশি ব্যবস্থা, যানজট, জল জমা এবং নাগরিক পরিষেবার অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, আগরতলাকে স্মার্ট সিটি করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক প্রকল্প হাতে নেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন না। বরং নির্মাণকাজ, রাস্তা খোঁড়াখুঁড়ি এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে শহরবাসীকে প্রতিদিন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এককথায় স্মার্ট সিটির আড়ালের লুটের রাজত্ব চলছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্মার্ট সিটির নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও শহরের মৌলিক সমস্যাগুলি এখনও সমাধান হয়নি। বর্ষার সময় জল জমা, নিকাশি ব্যবস্থার দুর্বলতা এবং ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাঁর অভিযোগ, স্মার্ট সিটি তৈরির নামে মানুষের করের টাকা লুটের সুযোগ তৈরি করা হয়েছে। উন্নয়নের পরিবর্তে আগরতলাবাসীকে দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাঁরা এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।



















