News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ
Image

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যত্রতত্র গাড়ি পার্কিং এবং অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। আর এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

শুক্রবার শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে দীর্ঘক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে থাকলেও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তেমন সক্রিয়তা দেখা যায়নি। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ, পথচারী এবং গাড়ি চালকরা।

স্থানীয়দের অভিযোগ, ধর্মনগরের সেন্ট্রাল রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার উপরেই যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর ফলে রাস্তার চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

শহরবাসীর একাংশের প্রশ্ন, নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও কেন এই অব্যবস্থা রোধ করা যাচ্ছে না? ব্যস্ত এলাকাগুলিতে অবৈধ পার্কিং বন্ধ করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি উঠেছে।

এদিকে, শহরের বাইরে বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অভিযোগ, শহরের অভ্যন্তরে যানজট নিয়ন্ত্রণের পরিবর্তে অনেক সময় বাইরের রাস্তায় যানবাহন আটকানো এবং জরিমানা আদায়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সময় যানজট সামলাতে ট্রাফিক পুলিশের পরিবর্তে টমটম চালকদেরই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

শহরবাসীর প্রশ্ন, ট্রাফিক পুলিশের কাজ কি শুধুমাত্র যানবাহন আটক করে জরিমানা আদায় করা, নাকি শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে যানজটের দুর্ভোগ থেকে মুক্ত করাও তাদের অন্যতম দায়িত্ব?

ধর্মনগরের বাসিন্দাদের দাবি, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি, রাস্তার উপর অবৈধ পার্কিং বন্ধ করা, ব্যস্ত সময়ে যানজটপ্রবণ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া জরুরি।

এখন দেখার বিষয়, ধর্মনগর শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আগামী দিনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
……..

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top