নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। যোগদান সভা, নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনভর দলীয় কার্যক্রম সম্পন্ন হয়।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে বিকেল প্রায় ৪টায় দাতারাম বাজার এলাকায় আয়োজিত এক যোগদান সভায় অংশ নেন অভিষেক দেবরায়। দলীয় সূত্রের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১৬টি পরিবারের মোট ৬৭ জন ভোটার এদিন বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বিজেপির আদর্শ, নীতি এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর বিকেল প্রায় ৫টায় জোয়ালি খামার এলাকায় নবনির্মিত বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা প্রায় ৬টায় সিমসিমা এলাকায় আরও একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। এ সময় তিনি বলেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক রথীন্দ্র জমাতিয়া, গোমতী জেলার সহ-সভাপতি উত্তম দে, ৩২ মাতাবাড়ি মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ মারাক, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতিতে কর্মসূচিগুলি সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও সংগঠন বিস্তার এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।


















