নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: নারীদের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে জাতীয় মহিলা কমিশন দেশের সব রাজ্য মহিলা কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নারীদের তাদের আইনগত অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে। আজ আগরতলার একটি হোটেলে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত স্টকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অতিথিগণ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ত্রিপুরা মহিলা কমিশনের সরকারি ওয়েবসাইটেরও উদ্বোধন করেন।
এই কর্মসুচির অঙ্গ হিসেবে টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়। তাতে ছাত্রী এবং নারীরা অংশগ্রহণ করেন। টেকনিক্যাল সেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ডিজিট্যাল অ্যানালিস্ট বাপি সাহা, ড. কৌশিক নন্দী, অ্যাডভোকেট পারমিতা ধর, সমাজকর্মী দেবাশিস মজুমদার। টেকনিক্যাল সেশনে অংশগ্রহণকারীগণ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিয় করেন।























