আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক বাইক আরোহী। দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মালবাহী বলেরো গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে বাইক আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মালবাহী বলেরোটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কের এই অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তবে এই ঘটনায় দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



















