আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল। তাঁর অভিযোগ, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আগরতলায় রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক কর্মশালার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির নাম অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র চিকিৎসা প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে প্রচলিত প্রশাসনিক নিয়ম অনুসারে কিছু পরিবর্তন আনা হচ্ছে।
নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতালের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে ডঃ মানিক সাহা বলেন, নামের সঙ্গে থাকা ‘স্টেট’ শব্দটি বাদ দেওয়া হচ্ছে। কারণ, রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের নামকরণে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সম্পূর্ণভাবে বহাল থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এটিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। এটি সঠিক নয়। যেমন আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতাল বলি, অথবা ডেন্টাল কলেজের নামকরণের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়। নেতাজির নাম আগের মতোই থাকবে।
তিনি জানান, নতুন নামকরণ অনুযায়ী প্রতিষ্ঠানটির সরকারি নাম হবে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ অ্যান্ড নেতাজি সুভাষ বোস হাসপাতাল।


















