News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ
Image

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যোগ্য উপভোক্তাদের ঘর না দিয়ে অযোগ্যদের নাম তালিকাভুক্ত করা এবং অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষকে নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে অপমান করার অভিযোগ উঠেছে গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেবের বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি গৌরনগর ব্লকের অধীনস্থ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বিনামূল্যে সরকারি ঘর প্রদানের জন্য বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হয়। বহু ক্ষেত্রে যোগ্য আবেদনকারীদের বাড়িতে দু’দফা সমীক্ষাও করা হয়। কিন্তু পরে প্রকাশিত তালিকায় দেখা যায়, বহু প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের নাম নেই। অভিযোগ, পরিবর্তে যাদের পাকা দ্বিতল বাড়ি রয়েছে কিংবা আর্থিকভাবে স্বচ্ছল, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অনেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে তালিকায় নাম না থাকার কারণ জানতে চাইলে পঞ্চায়েত সচিবরা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাঁদের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়।

সেই অনুযায়ী বহু মানুষ গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। কেউ অযোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত হওয়ার অভিযোগ জানান, আবার কেউ যোগ্য হওয়া সত্ত্বেও নিজেদের নাম বাদ পড়ার বিষয়টি তুলে ধরেন।

এমনই এক অভিযোগকারী গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের কীর্তনথলি গ্রামের বাসিন্দা প্রশান্ত সিনহা। তিনি জানান, অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করলেও তাঁর নাম তালিকায় নেই। অথচ তাঁর বাড়িতে দু’বার সমীক্ষা করা হয়েছিল।

প্রশান্ত সিনহার অভিযোগ, লিখিত অভিযোগ জমা দেওয়ার পর বিডিওর পক্ষ থেকে তাঁকে নির্দিষ্ট দিনে সকাল ১০টায় সমস্ত নথিপত্রসহ ব্লক অফিসে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়। একই ধরনের নোটিশ আরও বহু ঘরবঞ্চিত মানুষকেও পাঠানো হয়।

অভিযোগ, নির্ধারিত সময়ে সকলেই ব্লক অফিসে উপস্থিত হলেও যাঁরা অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁদের সঙ্গে অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা কথা বলেন। কিন্তু যাঁরা নিজেদের বঞ্চনার অভিযোগ নিয়ে এসেছিলেন, তাঁদের সঙ্গে বিডিও বা প্রশাসনের অন্য কোনও আধিকারিক কথা বলেননি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তাঁদের অভিযোগ শোনা হয়নি।

প্রশান্ত সিনহার দাবি, নোটিশ দিয়ে ডেকে এনে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। এতে তাঁরা অপমানিত ও প্রতারিত বোধ করছেন।

ঘটনার জেরে ক্ষুব্ধ ঘরবঞ্চিত উপভোক্তারা গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেবের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে গৌরনগর ব্লক প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

……..

Releated Posts

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

Leave a Reply

Scroll to Top