নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই: স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন এবং দ্বিতীয় বিয়ের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন এক গৃহবধূ। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ চড়িলামের কৃষ্ণ সংঘ এলাকার বাসিন্দা ববিতা দেবনাথ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচারের শিকার হওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
ববিতা দেবনাথের অভিযোগ, স্বামী বিকাশ দেবনাথ একাধিকবার তাঁর উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। তিনি দাবি করেন, একসময় তাঁর শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি তাঁদের ১০ বছরের সন্তানকেও মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, বর্তমানে তিনি বাবার বাড়িতে থেকে বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করছেন এবং দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করছেন। তাঁর আরও দাবি, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি জানার পর শনিবার রাতে ভাই ও আত্মীয়দের নিয়ে তিনি মেলাঘর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন। তাঁর দাবি, থানার এক পুলিশ আধিকারিক তাঁকে ধমক দিয়ে ফিরিয়ে দেন।
রবিবার সংবাদমাধ্যমের সামনে ববিতা দেবনাথ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচার এবং নিরাপত্তার আবেদন জানান। তিনি বলেন, নিজের এবং দুই সন্তানের জীবন নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন এবং প্রশাসনের কাছে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



















