নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুখ্যমন্ত্রী জানান, ডিজিপি অনুরাগকে সোমবার তাঁর সরকারি কার্যালয়ের ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিয়ে ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে পৌঁছান। সেখান থেকে দ্রুত তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, এই আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি প্রয়াত আইপিএস আধিকারিকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস জোগানোর জন্য প্রার্থনা জানান।
উল্লেখ্য, ডিজিপি অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে পুলিশ প্রশাসন ও বিভিন্ন মহলে গভীর শোকের পাশাপাশি ঘটনার কারণ নিয়ে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে।























