আগরতলা, ২০ জুলাই: দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ছৈলেংটা বলপিয়ে আদাম গ্রামের প্রধান সড়ক। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান। ফলে সরকারি সহায়তা না পেয়ে নিজেদের উদ্যোগে ও অর্থ ব্যয়ে বছরের পর বছর রাস্তা সংস্কার করে আসছেন গ্রামবাসীরা। অবশেষে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন করেন এমডিসি হলিউদ চাকমা।
স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের দুরবস্থা কাটেনি। ২০২০-২১ সাল থেকে একাধিকবার সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
গ্রামবাসীদের দাবি, প্রতি বছর বর্ষা নামলেই রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। কাদায় ভরে যায় পুরো রাস্তা। মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পক্ষে পায়ে হেঁটেও যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। এর ফলে স্কুল-কলেজের পড়ুয়া, রোগী, কৃষকসহ প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
সরকারি উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে প্রতি বছর নিজেদের শ্রম ও অর্থ ব্যয় করে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেন গ্রামের মানুষ। কিন্তু বর্ষার এক-দু’দিনের বৃষ্টিতেই সেই অস্থায়ী সংস্কার ভেস্তে যায়। ফলে বছরের পর বছর একই দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে।
গ্রামবাসীদের দুর্দশার খবর পেয়ে এদিন এমডিসি হলিউদ চাকমা দলীয় কর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। তিনি রাস্তার বেহাল অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এমডিসির আশ্বাসে আপাতত কিছুটা আশার আলো দেখছেন গ্রামবাসীরা। তবে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।
























