আগরতলা, ১৯ জুলাই: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে রবিবার আগরতলার হেরিটেজ পার্ক প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে ত্রিপুরা বন দপ্তর।
এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সবুজ পতাকা দেখিয়ে র্যালির সূচনা করেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
বনমহোৎসব উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বনকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মোট ৫৪ জন অংশগ্রহণকারী সাইকেল র্যালিতে শামিল হয়ে পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। তাই বৃক্ষরোপণের পাশাপাশি বন সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বনমহোৎসবের মতো কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালি পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



















