ইম্ফল, ১৪ জুলাই (আইএএনএস): মণিপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস রেভলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রেপাক)-এর এক শীর্ষ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রায় ৫০ কেজি সন্দেহভাজন আফিমও উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য ৩ কোটির টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মণিপুর পুলিশ ও ১৯ গাড়ওয়াল রাইফেলসের যৌথ বাহিনী চুরাচাঁদপুর জেলার মিয়ানমার ও মিজোরাম সীমান্ত সংলগ্ন কে. থেনজাং গ্রামের জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং যুদ্ধসামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া অত্যাধুনিক অস্ত্রের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে।
অন্যদিকে, ইম্ফল পূর্ব জেলার ইয়োরাবুং পন্থোইবি লেইকাই এলাকা থেকে নিষিদ্ধ প্রেপাক সংগঠনের সদস্য নিংগোমবাম আমুথোই মেইতেই (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে আটটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেডও উদ্ধার হয়েছে।
এদিকে সেনাপতি জেলার টি. খুলেন এলাকায় নাকা চেকিং এড়িয়ে পালিয়ে যাওয়া একটি পরিত্যক্ত গাড়ি থেকে ৪৯টি প্যাকেটে রাখা প্রায় ৫০ কেজি সন্দেহভাজন আফিম উদ্ধার করেছে মণিপুর পুলিশ। গাড়ি থেকে উখরুল জেলার বাসিন্দা জেড. রেইথিংগামের নামে কিছু নথিও উদ্ধার হয়েছে। এই মাদকের চালানের বাজারমূল্য ৩ কোটির টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই আফিমের চালান প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মণিপুরে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরেই মিয়ানমারের উত্তরাঞ্চল, বিশেষ করে কাচিন ও শান রাজ্য, আফিম উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই উদ্ধারকে মিয়ানমার-সংযুক্ত মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।
এদিকে রাজ্যজুড়ে জঙ্গি দমন অভিযানের অংশ হিসেবে উপত্যকা, পাহাড়ি ও স্পর্শকাতর এলাকায় নিয়মিত তল্লাশি ও এলাকা দখল অভিযান চালানো হচ্ছে। জঙ্গি, সমাজবিরোধী এবং সন্দেহভাজন যানবাহনের গতিবিধি রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১১১টি নাকা ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
ইম্ফল-জিরিবাম জাতীয় সড়ক (এনএইচ-৩৭) দিয়ে অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক-সহ অন্যান্য যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী নিয়মিত এসকর্ট পরিষেবা দিচ্ছে। একই সঙ্গে গুজব, ভুয়ো ভিডিও ও বিভ্রান্তিকর সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মণিপুর পুলিশ।
























