আগরতলা, ১৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতা অন্সরা গৌড়, পিতা সুকান্ত গৌড়। তিনি বজেন্দ্রনগর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিজ বাড়ির একটি ঘর থেকে অন্সরার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে।
এদিকে, এলাকায় প্রেমঘটিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।



















