News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update : পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল ৬৩ লক্ষ ৬৪ হাজার ২১ জন ভোটারের নাম
Image

Update : পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল ৬৩ লক্ষ ৬৪ হাজার ২১ জন ভোটারের নাম

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, চূড়ান্ত তালিকা থেকে মোট ৬৩ লক্ষ ৬৪ হাজার ২১ জন ভোটারের নাম বাদ পড়েছে।

কমিশনের বিবৃতিতে জানা গিয়েছে, ফর্ম ৬ ও ৬এ-র মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। পাশাপাশি ফর্ম ৮-এর অধীনে আরও ৬,৬৭১ জনের নাম সংযোজন করা হয়েছে। এছাড়া, ফর্ম-৭ এর মাধ্যমে ৫,৪৬,০৫৩ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুসারে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬৪,৪৫২,৬০৯ জন। এছাড়া বিচারাধীন রয়েছেন ৬০,০৬,৬৭৫।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বর্তমানে বিচারাধীন রয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৩,২৮,১০,৮৭২ জন, মহিলা ভোটার ৩,১৬,৪০,৫৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,১৫২ জন।

শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল জানান, চূড়ান্ত তালিকায় ‘অনুমোদিত’ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪।

তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসে এসআইআর শুরু হওয়ার সময় মোট ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯। তা কমে ৭,০৮,১৬,৬৩০-এ দাঁড়ায়। বর্তমানে চূড়ান্ত তালিকায় ‘অনুমোদিত’ ভোটার ৭,০৪,৫৯,২৮৪ জন। অর্থাৎ এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৬১,৭৮,২৪৫ জনের নাম বাদ পড়েছে।”

মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, কারও নাম বাদ পড়া নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ভোটার প্রথমে জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-এর কাছে আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন হলে সিইও-র কাছেও আবেদন করা যাবে। নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে এই আবেদন জানাতে হবে, বলেন তিনি।

এদিকে রাজ্যের একাধিক রাজনৈতিক দল, বিশেষত শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এসআইআর প্রক্রিয়ায় সম্ভাব্য পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও সিইও স্বীকার করেছেন, এত বৃহৎ প্রক্রিয়ায় কিছু ভুলত্রুটি হয়েছিল। তবে এত বড় কর্মযজ্ঞে এই ভুলগুলি সামান্য। যেখানে ভুল ধরা পড়েছে, সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, বলেন আগরওয়াল।

তিনি আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও বিচারাধীন নথির যাচাই প্রক্রিয়া চলবে। বর্তমানে মোট ৫০১ জন বিচারিক আধিকারিক এই কাজে নিযুক্ত রয়েছেন। বিচার প্রক্রিয়ার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে একটি সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।

শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তিনটি বিভাগ রাখা হয়েছে, ‘অনুমোদিত’, ‘বিচারাধীন’ এবং ‘বাদ’।

মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গত ১৬ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ছিল ৭,০৮,১৬,৬৩০।

সূত্রের খবর, জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছে বুথভিত্তিক চূড়ান্ত তালিকার দুটি কপি পাঠানো শুরু করেছে ইসিআই। একটি কপি বিএলও-দের কাছে থাকবে এবং অন্য কপিটি স্থানীয় বুথে প্রদর্শিত হবে।

রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে তালিকার ‘সফট কপি’ সরবরাহ করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি জেলা প্রশাসন সংশ্লিষ্ট দলগুলির বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) হাতে ‘হার্ড কপি’ তুলে দেবে।

চূড়ান্ত ভোটার তালিকা ইসিআই-এর সরকারি ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপে উপলব্ধ থাকবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে নাম ও ইপিক নম্বর (ভোটার আইডি নম্বর) প্রদান করে ভোটাররা তাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কি না তা যাচাই করতে পারবেন।

এছাড়া, জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইট থেকেও এই তালিকা দেখা যাবে বলে জানিয়েছেন মনোজ কুমার আগরওয়াল।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top