আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: প্রায় ২৯ বছর পর খোয়াই জেলার এক খুন মামলার রায় ঘোষণা করল আদালত। খোয়াই জেলার অতিরিক্ত জেলা ও সেশনস জজ আদালত অভিযুক্ত রতন দেববর্মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ সেপ্টেম্বর ভোর প্রায় ৫টা নাগাদ মুদিবারি এলাকায় শ্যালিকার বাড়িতে স্ত্রী ছবি রানি দেববর্মা (২৫)-কে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ ওঠে রতন দেববর্মার বিরুদ্ধে। ঘটনার পর খোয়াই থানায় ৩০২ ধারায় মামলা রুজু হয় (খোয়াই থানার মামলা নং ৮২/১৯৯৬, তারিখ ২৬/০৯/১৯৯৬)। বর্তমানে আগরতলার ডেপুটি এসপি (ট্রাফিক) প্রণব দাস ছিলেন এই মামলার তদন্তকারী অফিসার।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণা করে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকালীন তদন্তকারী অফিসার দক্ষতার সঙ্গে বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত প্রমাণসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন, যার ভিত্তিতেই আদালতে শক্তিশালী মামলা গঠন সম্ভব হয়। খোয়াই জেলা পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলেই দীর্ঘদিনের এই মামলায় শেষ পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
প্রায় তিন দশক পর রায় ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিচার সম্পন্ন হওয়ায় এদিন দীর্ঘকাল ধরে চলা এক খুন মামলার নিষ্পত্তি ঘটলো।

