আগরতলা, ৪ ফেব্রুয়ারি: স্কলারশিপ না পাওয়ার অভিযোগে ফের ওবিসি কল্যাণ দপ্তরে বিক্ষোভে শামিল হলেন ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা স্কলারশিপের অর্থের জন্য অপেক্ষা করে রয়েছেন, কিন্তু বারবার দপ্তরে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে। দপ্তরের তরফে প্রতিবারই জানানো হচ্ছে, বর্তমানে ফান্ড নেই। ফলে প্রায় প্রতি মাসেই খালি হাতে ফিরে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা।
আজও স্কলারশিপের দাবিতে দপ্তরে যান বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। সেখানে তাদের জানানো হয়, মাসের শেষে আবার আসতে। এই আশ্বাসে ক্ষোভে ফেটে পড়েন তারা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে স্কলারশিপ প্রদান করা হচ্ছে না, অথচ নির্দিষ্ট কোনো সময়সীমাও জানানো হচ্ছে না। এতে তাদের পড়াশোনার উপর মারাত্মক প্রভাব পড়ছে।
বিক্ষোভকারীরা জানান, স্কলারশিপের টাকা না পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা দিতে পারছেন না। এর ফলে বিভিন্নভাবে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এমনকি ফি জমা দিতে না পারায় পরীক্ষায় বসা নিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। আর্থিক অনিশ্চয়তার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের।
এই পরিস্থিতিতে অবিলম্বে সমস্যার সমাধান করে বকেয়া স্কলারশিপের অর্থ দ্রুত প্রদান করার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। তাদের স্পষ্ট বক্তব্য, আর দেরি নয়—দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

