আগরতলা, ২০ ডিসেম্বর: ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী ৮ জানুয়ারি সারা রাজ্য জুড়ে দুর্বার আন্দোলনের ডাক দিল টিএসএফ ও টিআইএসএস ছাত্র-যুব সংগঠন। এই কর্মসূচিকে সামনে রেখে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবি দীর্ঘদিনের এবং তা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। সরকারের বারবার আশ্বাস সত্ত্বেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। তাঁরা আরও বলেন, বেশ কিছু দিন আগে ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে সারা রাজ্যে মার্শাল মিছিলের ব্যাপক সাড়া মিলেছে। তাই পুনরায় কঠিনতম আন্দোলনের সামিল হওয়ার সময় এসেছে।
তাঁদের কথায়, রোমান স্ক্রিপ্ট কেবল একটি লিপির দাবি নয়, বরং এটি আদিবাসী সমাজের সাংস্কৃতিক অধিকার ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া না হলে রাজ্যজুড়ে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
টিএসএফ ও টিআইএসএস নেতৃত্ব জানান, আগামী ৮ জানুয়ারি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মিছিল ও গণআন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে বলে আশ্বাস দিলেও, সরকার অনড় থাকলে আন্দোলন আরও তীব্রতর করার ইঙ্গিত দেন তাঁরা।

