গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর: শহরে ক্রমবর্ধমান যানজট রুখতে ও যান চলাচল নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিল গুয়াহাটি পুলিশ। শহরের সীমার মধ্যে এখন থেকে কোনও ধরনের মিছিল, র্যালি, ম্যারাথন, ওয়াকাথন এবং অনুরূপ জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নির্দেশিকা জারি করেছেন গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) ইমদাদ আলি, এপিএস। এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে প্রয়োগে এসেছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, “গুয়াহাটিতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য রাস্তাগুলির কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। মিছিল ও র্যালির কারণে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয় এবং জরুরি পরিষেবাও ব্যাহত হয়।”
পুলিশ আরও জানিয়েছে, বড় জমায়েতের ফলে ভিড় ও জটলা তৈরি হয়, যা জননিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করে। এতে রুটিন যাত্রী ও জরুরি সেবা— উভয়ই প্রভাবিত হয়।
নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ভারতীয় বিচার সংহিতা, ২০২৩-এর ২২৩ ধারার অধীনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তবে, যাঁরা এই নির্দেশে আপত্তি জানাতে চান, তাঁদের জন্য লিখিত আকারে আবেদন জানিয়ে এই নিষেধাজ্ঞার পরিবর্তন বা প্রত্যাহারের আবেদন করার সুযোগ থাকছে।

