নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, দিল্লির আপদা পার্টি এখানে ১১ বছর নষ্ট করেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দিল্লির প্রতিটি পরিবারের কাছে আমার অনুরোধ আমাদের দিল্লির জনগণের সেবা করার সুযোগ দিন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের প্রতিটি ঝামেলা, প্রতিটি সমস্যা শেষ হবে।”
প্রধানমন্ত্রী মোদী রবিবার দিল্লির আর কে পুরমে একটি জনসভায় বক্তৃতা রাখেন। এই জনসভায় তিনি বলেছেন, “বসন্ত পঞ্চমীর সঙ্গেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যায়। তিনদিন পর ৫ ফেব্রুয়ারি দিল্লিতে আসতে চলেছে উন্নয়নের নতুন বসন্ত। এ বার দিল্লিতে বিজেপির সরকার গঠন হতে চলেছে। গোটা দিল্লি বলছে, এবার বিজেপি সরকার!” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপদা নেতারা দল ছাড়ছেন। কারণ তাঁরা জানেন জনগণ আপদা দলকে ঘৃণা করে। আপদা এতটাই হতবাক যে তারা মিথ্যা ঘোষণার আশ্রয় নিচ্ছে। আপদার মুখোশ দিল্লির সামনে উন্মুক্ত।”



















