আগরতলা, ১১ নভেম্বর: মা ও মেয়ে জোড়া খুনে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রবিবার ভোর চারটা নাগাদ ওএনজিসি নেতাজিনগর এলাকায় স্ত্রী তনুশ্রী আচার্য এবং শাশুড়ি সোমা আচার্য-কে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন মধুপুর নিবাসী সমরজিৎ চৌধুরী। ওই ঘটনায় পুলিশ মধুপুর থেকে সমরজিৎ-কে গ্রেফতার করেছিল। আজ অভিযুক্ত সমরজিৎ চৌধুরী ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতার ছোট বোন জানিয়েছেন, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনে শিকার হচ্ছিলেন তনুশ্রী আচার্য। তাঁকে বেধড়ক মারধর করত স্বামী সমরজিৎ চৌধুরী। নির্যাতন থেকে মুক্তি দিতে মা সোমা আচার্য তাঁকে বাড়ি নিয়ে এসেছিলেন। সেই কারণেই ১৩ অক্টোবর রবিবার ভোর চারটা নাগাদ তাঁদেরকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন সমরজিৎ চৌধুরী। তার কঠোর শাস্তির দাবিতে আজ আদালত চত্বরে বিক্ষোভে মিলিত হয়েছেন তাঁরা।

















