হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : আগামীকাল ২৭ অক্টোবর শিলচরে অনুষ্ঠেয় ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন’ (এডিআরই)-এ হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য যে ০৫৬৭৯/০৫৬৮০ নম্বরের যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তার ফেরত যাত্রার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়েছে।
ট্রেনটি রবিবার অর্থাৎ ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে জামিরার উদ্দেশ্যে রওয়ানা দেবে। আগের সময়সূচি অনুযায়ী ট্রেনটি বিকাল সাড়ে তিনটায় রওয়ানা দেওয়ার কথা ছিল। কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসনের অনুরোধে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটির সময়সূচি পরিবর্তন করে সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে যাত্রা করার শিডিউল নির্ধারণ করে দিয়েছেন।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের জন্য ০৫৬৭৯/০৫৬৮০ নম্বর বিশেষ ট্রেনটি ২৭ অক্টোবর ভোর চারটায় জামিরা থেকে শিলচর অভিমুখে রওয়ানা দেবে। পাশাপাশি সকাল ৫.০০টা থেকে হাইলাকান্দি শহরের গাছতলা বাসস্ট্যান্ড, কলেজ রোড বাসস্ট্যান্ড থেকেও ভূতল সড়কপথে ট্রাভেলার বাস শিলচরের উদ্দশ্যে রওয়ানা দেবে ৫ মিনিট অন্তর অন্তর।
এছাড়া লালাবাজার বাসস্ট্যান্ড এবং ঘাড়মুড়া থেকেও শিলচরের উদ্দেশ্যে ট্রাভেলার বাস চলাচল করবে। এদিন বিকালে শিলচর থেকেও অনুরূপভাবে হাইলাকান্দি ও ঘাড়মুড়া পর্যন্ত ট্রেভেলার বাস চলাচল করবে। তবে পরীক্ষার্থীদেরকে নিজেদের পকেট থেকে ভাড়া দিয়ে বাস এবং ট্রেনের সুযোগ নিতে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।



















