কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): “আমার শ্রদ্ধেয় সহকর্মী, বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যুতে দুঃখিত। তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকার এক নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন।” বুধবার তাঁর প্রয়াণে এই ভাষায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “তিনি একটি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বসিরহাটের মানুষ তাঁর নেতৃত্ব হারাবে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।” পরিবার সূত্রের খবর, এদিন দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার জেরে পরিবার এবং অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



















