নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৪ এপ্রিল : নাবালিকা অপহরণ কাণ্ডে, অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার বিবরণে বৃহস্পতিবার বিলোনীয়া থানায় বেলা ১১ টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করে দক্ষিন জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অশোক কুমার সিনহা জানান, গত ২৬ মার্চ পি আর বাড়ী থানার অন্তর্গত রাঙ্গামুড়ার জুমান মিয়া(২৬) নামে এক ব্যক্তি বিলোনীয়া থানার অন্তর্গত আমজাদারনগর থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরনের পর পরিবারের পক্ষ থেকে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরনকারি জুমান মিয়া নাবালিকা মেয়েটিকে নিয়ে পশ্চিমবাংলার জোড়াসাকো থানাধীন একটি হোটেলে রয়েছে। দক্ষিন ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোড়াসাকো থানার সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে বুধবার অপহরনকারি জুমান মিয়া ও নাবালিকা মেয়েটি সাথে জুমান মিয়ার দুই বৎসরের সন্তানকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জোড়াসাকো আদালতে ট্রানজিট রিমান্ড নিয়ে বুধবার রাতে বিলোনীয়া থানায় তাদের নিয়ে আসে। জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান ধৃত জুমান মিয়া ও নাবালিকাকে জিঞ্জাসাবাদ করে জানা যায় জুমান মিয়া নাবালিকাকে বিদেশে পাচার করার উদ্দেশ্যে অপহরন করে। উল্লেখ্য জুমান মিয়া আগে বিদেশে থাকত। বৃহস্পতিবার নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। অন্যদিকে পুলিশ জুমান মিয়ার বিরুদ্ধে অপহরণও নারী পাচার চক্রের অভিযোগে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃত জুমান মিয়াকে বৃহস্পতিবার আদালতে সোপার্দ করে মামলার তদন্ত কারি অফিসার এস আই মাফ্রু মগ।



















