ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।।কার্যত ফাইনালে সোনাপুর স্কুল ‘এ’ এবং ‘বি’ দল। তিন ম্যাচ খেলে ২ দলই দুটি করে ম্যাচে জয়লাভ করেছে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেটে। প্রথম লিগে টানা ২ ম্যাচে জয় পাওয়া সোনাপুর স্কুল ‘বি’ দলের বিজয়রথ শুক্রবার থামিয়ে দিলো সোনাপুর স্কুল ‘এ’ দল। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনাপুর স্কুল ‘বি’ দলের গড়া ৬৫ রানের জবাবে সোনাপুর স্কুল ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। লক্ষ্মী পালের দুরন্ত বোলিংয়ের সামনে সকালে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় সোনাপুর স্কুল ‘বি’ দল। দল সর্বোচ্চ ১৯ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে জ্যোৎস্না ভৌমিক একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। জ্যোৎস্না ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। সোনাপুর স্কুল ‘এ’ দলের পক্ষে লক্ষ্মী পাল ৫ রানে ৩ টি এবং কনিকা মুহুরি ১৬ রানে ২ টি উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে সোনাপুর স্কুল ‘এ’ দল ১৫.৩ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পলি রাণী মল্লিক ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রীয়া পাল ২৪ বল খেলে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। সোনাপুর স্কুল ‘বি’ দলের পক্ষে জ্যোৎস্না ভৌমিক ১২ রানে ২ টি উইকেট পেয়েছে।

বিলোনিয়ায় মহিলা টি-২০ ক্রিকেটের ফাইনালে সোনাপুর স্কুলের দুই দল
Tags:


















