বিয়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের নামে নোংরা জল প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বিয়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের নামে নোংরা জল প্রদান৷ ঘটনা ধর্মনগরে৷ ক্ষোভ জনমনে৷ধর্মনগর শহরের অনেকেই যেন এই একুয়া প্ল্যান্ট ব্যবসায় আগ্রহী হয়ে উঠছেন৷ বিশুদ্ধ পরিশোধিত পানীয় জলের নামে সকলেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল এই একুয়া প্ল্যান্ট গুলো তাদের মর্জি মাফিক সরকারি নিয়মকানুন, নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ একাংশ ভোক্তার৷ জানা গেছে, এই একুয়া প্ল্যান্ট গুলোর নেই কোন সরকারি নজরদারি , কতটা বৈধ কাগজপত্র রয়েছে তা নিয়েও গুঞ্জন সৃষ্টি হয়েছে৷ আরো জানা যায় ,এই একুয়া প্ল্যান্ট গুলো সম্ভবত স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসন নজরদারি করে থাকে৷ কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছে যে এই প্ল্যান্ট গুলো বিশুদ্ধ পানীয় জলের নামে নোংরা জলের ব্যবসা করে চলছে৷ বিশুদ্ধতার নাম ভাঙ্গিয়ে নোংরা জল ড্রামে ভর্তি করে বিক্রি করে মুনাফা লাভ করছে৷  ধর্মনগর ইচাই কাশিমনগরে একটি বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় ৩৫ টি জলের বোতল৷  একাধিক জলের বোতলে দেখা যায় ভিতরে রয়েছে কালো গোড়া৷ এ নিয়ে ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে৷ এই অভিযোগ ধর্মনগর জয়রাম ফুড প্রোডাক্টের মালিক এর বিরুদ্ধে৷ ভোক্তাদের অভিযোগ এই জয়রাম ফুড প্রোডাক্ট থেকে আরো একাধিকবার এরকম বিশুদ্ধ পানীয় জলের নামে নোংরা অপরিশোধিত জল সরবরাহ করেছে৷   তবে প্রশাসনের নজরদারি নেই৷ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এর দায়ভার কে নেবে, প্রশ্ণ জনমনে৷ শুধু ধর্মনগর এই নয় এ রাজ্যের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিশুদ্ধ পানীয় জলের নামে এ ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতারকরা৷ প্রশাসনের নজরদারের অভাবেই এ ধরনের কাজকর্ম চালিয়ে যাতে সক্ষম হচ্ছে তারা৷৷ অবিলম্বে এ ধরনের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷