বীরেন্দ্র ক্লাব: ৬
ফ্রেন্ডস ইউ:১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। শেষ ম্যাচে বীরেন্দ্র ক্লাবের চমক। যদিও নিয়ম রক্ষার ম্যাচ তবুও ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব ছয়-এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে দর্শকদের বিশেষ করে ক্লাব প্রেমীদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের অন্তিম ম্যাচে আজ বীরেন্দ্র ক্লাব দুর্দান্ত জয় পেয়েছে। ৬-১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে। বিজয়ী দল প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে প্রচন্ড চাপে রেখে আক্রমণাত্মক খেলে শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাব ম্যাচ জিতে নেয়। ৪২ মিনিটের মাথায় জাবেদিয়া ডার্লং প্রথম গোল করে। দ্বিতীয়ারদের ১০ মিনিটের মাথায় জাকারিয়া হালামের গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। সাত মিনিট বাদে জাবেদিয়া তার দ্বিতীয় গোল করে। তিন মিনিট বাদে স্বর্ণেসাম গুরুং আরেকটি গোল করলে ব্যবধান বেড়ে চার- শূন্য হয়। পরবর্তী মিনিটেই এনাকা ডার্লং আবার গোল করলে ব্যবধান বেড়ে ৫-০ হয়। ফের ৭ মিনিট বাদে জাকারিয়ার দ্বিতীয় গোলে ব্যবধান বেড়ে ৬-০ হয়। তবে শেষ পর্যায়ে কার্বন জমাতিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমে ছয়-এক হয়। উল্লেখ্য, তিন জানুয়ারি থেকে সুপার লিগের খেলা শুরু হচ্ছে।



















