ত্রিপুরা: ২২/১০
বিদর্ভ: ২৩/০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। ত্রিপুরা দলে শূন্য রানের সমাহার। পংক্তিটি আসলে কটুক্তি নয়। বিদর্ভের কাছে এভাবে ২২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হওয়া রাজ্য দলের জন্য এটাই প্রমাণ করে যে আগামী দিনে তাদের প্রচন্ড প্রশিক্ষণের প্রয়োজন। কর্ণাটকের সিমোগায় অনূর্ধ্ব-১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে চতুর্থ ম্যাচে ম্যাচেও ত্রিপুরা গো-হারা হেরেছে। বিদর্ভ ১০ উইকেটের ব্যবধানে ত্রিপুরাকে বিধ্বস্ত করে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জন করে নিয়েছে। ত্রিপুরা টসে জিতেছিল, এটাই স্বস্তির খবর। দলনেতৃ অস্মিতা দেবনাথ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে ২১ ওভার ৫ বল খেলে ২২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিদর্ভের ধার্ভি শূন্য রানে এবং মানসী বরিকর দুইরানে তিনটি করে উইকেট পায়। শ্রেয়া শ্রীকান্ত দুটি উইকেট পেয়েছে পাঁচ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভের সংস্ক্রুতি সন্ত ও ধার্ভির ওপেনিং জুটি-ই ২৯ বল খেলে জয়ের প্রয়োজনীয় রান এনে দেয়। রাজ্য দলের পরবর্তী তথা লীগের শেষ ম্যাচ ৩ জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে।



















