বুন্দি, ১২ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় আরও বেশি উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব। ফের ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। প্রিয়াঙ্কার পাশাপাশি সোমবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন তাঁর স্বামী রবার্ট বঢরাও। অনেক শীর্ষ কংগ্রেস নেতাদের উপস্থিতিও দেখা গিয়েছে।
৯৬-তম দিনে সোমবার সকালে রাজস্থানের বুন্দি জেলার বাবাই গ্রামের তেজাজি মহারাজ মন্দির থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন নেতা ও কর্মীরা। এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, তাঁর স্বামী রবার্ট বঢরাও। শতাধিক মহিলারাও এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নেন।



















