নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সেকেরকোট এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় বাইক চালক সহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিশালগড় কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এলাকায় জাতীয় সড়কের উপর বাইক দুর্ঘটনায় আহত ৩৷ জানা যায়, শুক্রবার রাত ১০ টা নাগাদ একটি বাইক বিশালগড়ের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এলাকায় জাতীয় সড়কের উপর আসতেই রাস্তায় থাকা দুইজন পথচারীকে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে পুরুষ এবং মহিলা দুইজন পথচারি৷ বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক চালকও৷ পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷
2022-11-26

