সিডনি, ১৯ নভেম্বর (হি.স.) : টি-২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে দিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে-তে ৭২ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে নিল অজিরা। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচটির আর গুরুত্ব রইল না।
শনিবার টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভারে অজিরা করে ৮ উইকেটে ২৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২০৮ রানে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৮.৫ ওভারেই শেষ হয়ে যায় ইংরেজদের যাবতীয় প্রতিরোধ। ইংল্যান্ড কিন্তু দুই ফরম্যাটেই বিশ্বশ্রেষ্ঠ। তবুও অজিদের কাছে হার মানতে হল ইংল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ। ৬১, ১০৫, ৮০ রানের পর আজ স্মিথ করেন ৯৪ রান। লাবুশানে (৫৮) ও মিচেল মার্শ (৫০) উল্লেখযোগ্য রান করেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে আদিল রশিদ সর্বোচ্চ তিন উইকেট নেন।

