মেঘালয়-৭৮
ত্রিপুরা-৭৯/২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় পেলো ত্রিপুরা। পাশাপাশি আসরের প্রথম জয়ও। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকণ ট্রফি ক্রিকেটে। পুদুচেরীর আজম ক্রিকেট আকাদেমি মাঠে ত্রিপুরা ৮ উইকেটে পরাজিত করে মেঘালয়কে। মেঘালয়ের গড়া ৭৮ রানের জবাবে ত্রিপুরা ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার দুই বোলার দীপ্তনু চক্রবর্তী ৪ টি এবং দেবরাজ দে ৩ টি উইকেট পেয়েছেন। আসরে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮। ১২ অক্টোবর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে ওড়িশার বিরুদ্ধে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে উইকেট হারাতে থাকে মেঘালয়। ওপেনার মৃণাল দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি পার হতো না। মৃণাল২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ২২ রান করেন। দল দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান পায় শ্রীমান অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে বানাইলান ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (অপ:) এবং অংশুমান ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। মেঘালয় ২৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে দীপ্তনু চক্রবর্তী (৪/৬), দেবরাজ দে (৩/২৯) এবং অর্কজিৎ দাস (২/৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিত আরমান হুসেন এবং নবারূন চক্রবর্তী ৪৬ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। আরমান ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ব্যর্থ হয়েছেন দুর্লব রায় (০)। এরপর দেবরাজ দে-কে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন নবারূন চক্রবর্তী। নবারূন ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং দেবরাজ ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যান। মেঘালয়ের পক্ষে রাঘব (২/৩০) সফল বোলার। ত্রিপুরা জয়লাভ করে ৮ উইকেটে।



















