আগরতলা, ৫ মে : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল রাজ্য পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী আগরতলায় প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে নেশা সামগ্রীসহ এক যুবককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুজিত দেববর্মা।
গোপন সুত্রে পুলিশের কাছে খবর ছিল বহুদিন ধরেই ওই যুবক এলাকায় নেশা সামগ্রী বিক্রি করছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে সুজিত দেববর্মার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে যুক্ত অন্যান্য নেশা কারবারিদের হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তবে প্রতিদিনই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে নেশা সামগ্রীসহ নেশা কারবারিদের আটক করা হলেও কেন এই বাণিজ্যে হ্রাস টানা সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন উঠছে।



















