কমলপুর(ত্রিপুরা), ৫ মে (হি. স.) : জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো দুজন। কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। আজ জমি বিবাদকে কেন্দ্র করেই রজনী দাস, সন্তোষ দাস, প্রীতুষ দাস ও বিলাসী দাসের উপর হামলা চালান বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস। ওই হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।
অভিযোগ, বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস ইতিপূর্বেও অন্য একটি পরিবারের জমি অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। এদিনের বিবাদের জেরে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে আসেন। তারা এসে দেখতে পান চারজন আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করেন।
কিন্ত, জিবি হাসপাতালে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রজনী দাস। অপরদিকে প্রিতুষ দাস এবং বিলাসী দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
ওই ঘটনায় পুলিশ মামলা নিয়েছে। অভিযুক্ত বিকাশ ও ধীরেন্দ্র দাস পলাতক বলে জানা গেছে।


















