আগরতলা, ৩ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে ত্রিপুরা পুলিশ৷ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ৬১টি থানা এলাকায় ১৬৮টি গাড়ি এবং ২১০ জন পুলিশ সেক্টর অফিসার দায়িত্ব পালন করবেন৷
এছাড়া, ১৬ কোম্পানি সিআরপিএফ, ৫৬৮৪ জন টিএসআর জওয়ান, ৩৪৩৫ জন পুলিশ কর্মী এবং ২৬৩ জন হোম গার্ড এডিসি নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার দায়িত্বে রয়েছেন৷
আজ ত্রিপুরা পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এডিসি নির্বাচনে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ভোট কেন্দ্র, স্ট্রং রুম এবং সরকারী ছাপাখানায় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে৷ শুধু তাই নয়, এডিসি এলাকায় পেট্রোলিঙ জোরদার করা হয়েছে৷ পাশাপাশি, প্রার্থী-দের নিরাপত্তাও সুনিশ্চিত করেছে পুলিশ৷ পুলিশের দাবি, এডিসি নির্বাচনে ভয়মুক্ত পরিবেশে ভোটার-রা ভোট দিতে পারবেন৷ যে-কোন পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা কর্মী প্রস্তুত রয়েছে৷



















