নয়াদিল্লি-ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.): বন্দিদের তালিকা প্রকাশ করল ভারত ও পাকিস্তান । রীতি মেনেই বর্ষশুরুতে শুক্রবার পাকিস্তান ৩১৯ জন ভারতীয় বন্দির একটি তালিকা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে জমা দেয়। অন্যদিকে দিল্লিতেও পাক দূতাবাসে ৩৪০জন পাকিস্তানি বন্দির তালিকা জমা দেয় ভারত সরকার।
পাকিস্তানের তরফে জানানো হয়, সেখানে মোট ৩১৯জন ভারতীয় বন্দি রয়েছে। এদের মধ্যে ৪৯ জন সাধারণ নাগরিক ও ২৭০জন মৎসজীবী রয়েছেন। অন্যদিকে ভারতের প্রকাশিত তালিকা অনুযায়ী, এদেশে মোট ৩৪০ জন পাকিস্তানের নাগরিক বন্দি হিসাবে রয়েছে। তাঁদের মধ্যে ২৬৩জন সাধারণ মানুষ ও ৭৭ জন মৎসজীবী রয়েছেন।
উল্লেখ্য, বিদেশ দফতরের তরফে ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে কনস্যুলার অ্যাক্সেস চুক্তি অনুযায়ী প্রতিবছরই দুবার, অর্থাৎ ১ জানুয়ারি ও ১ জুলাই দুই দেশকেই একে অপরের দেশে বন্দি থাকা নাগরিকদের তালিকা প্রকাশ করতে হয়। ২০২১ সালের শুরুতেও সেই নিয়ম মেনেই দুই দেশের তরফ থেকে বন্দি অপর দেশের নাগরিকদের তালিকা প্রকাশ করা হল।



















