News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে নতুন আক্রান্ত ১০, গ্রামীণ এলাকায় প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র স্থাপনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

করোনা : রাজ্যে নতুন আক্রান্ত ১০, গ্রামীণ এলাকায় প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র স্থাপনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বহিঃরাজ্য থেকে সংক্রমিত হয়ে রাজ্যে ফিরে আসার ধারাবাহিকতা বজায় রয়েছে৷ আজ রাজ্যে নতুন করে দশজন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে শুধু একজন রেলওয়ের পেন্ট্রি কর্মী৷ আজ মধ্যরাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে জানান, ১০২০টি নমুনা পরীক্ষায় দশজনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে চেন্নাই ও বেঙ্গালুরু ফেরত পাঁচজন এবং মুম্বাই ফেরত চারজন রাজ্যের নাগরিক রয়েছেন৷ একজন রেলওয়ে পেন্ট্রি কর্মী, তিনি বর্তমানে রাজ্যের বাইরে অবস্থান করছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ২৪২জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে সক্রিয় ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১৬৫ জন৷ তিনজন রাজ্যের বাইরে রয়েছেন৷


বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের গ্রামে বসবাসে সমস্যা হচ্ছে৷ তাই, চাহিদা অনুসারে গ্রামীণ এলাকায় প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সে-মোতাবেক নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকার৷
প্রসঙ্গত, বিভিন্ন স্থানে গ্রামীণ এলাকায় বাড়িতে একান্তবাসে থাকা ব্যক্তিদের পরিবার এবং গ্রামবাসীদের প্রতিরোধের মোকাবিলা করতে হচ্ছে৷ তাতে গ্রামে কোভিড-১৯ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ অবশ্য এ-কথা অস্বীকার করার কোনও সুযোগ নেই, গ্রামে ছোট বাড়িতে কিংবা যৌথ পরিবারের বাড়িতে একান্তবাসের সমস্ত বিধিনিষেধ মেনে চলা কঠিন৷


এই পরিস্থিতি থেকে উত্তরণে অনেক পঞ্চায়েত এবং গ্রামগুলি বহিঃরাজ্য থেকে আগতদের গ্রামের একটি নির্দিষ্ট স্থানে রেখে সেখানে তাঁদের প্রয়োজনীয় সহায়তা এবং সুযোগসুবিধা সরবরাহ করা হচ্ছে৷ এ-ধরনের গ্রামগুলিকে সমর্থন করার জন্য এবং অন্যদের উৎসাহ প্রদানে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজন বোধে সরকারি নির্দেশিকা অনুসরণ করে গ্রামগুলিতে ’’গ্রাম একান্তবাস’’ সুবিধা স্থাপন করা যাবে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন আজ (বুধবার) এই নির্দেশিকা জারি করেছে৷
নির্দেশিকা অনুযায়ী, পঞ্চায়েত কিংবা গ্রামস্তরে করোনা-র তদারকি ও সচেতনতা কমিটি বহিঃরাজ্য থেকে আগতদের পরিবারের সদস্যদের সাথে আলোচনার ভিত্তিতে গ্রামের নির্দিষ্ট কোনও কমিউনিটি ভবনে গ্রাম একান্তবাস কেন্দ্র স্থাপন করবে৷ ওই পরিবারের সদস্যদের তালিকা জেলা প্রশাসনের মাধ্যমে পঞ্চায়েত কিংবা গ্রামস্তরের কমিটিগুলিকে তাঁদের বিশদ ঠিকানা মোবাইল নম্বর সহ প্রদান করতে হবে৷ গ্রামীণ একান্তবাস সুবিধা গ্রামবাসীরাই করবেন৷ এক্ষেত্রে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বহিঃরাজ্য থেকে আগতদের পরিবারের অন্য সদস্য কিংবা সম্প্রদায়ের তরফে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে৷


নির্দেশিকায় আরও বলা হয়েছে, এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর কমিটি সংশ্লিষ্ট বিডিও, ব্লকস্তরের কমিটি এবং মহকুমা শাসককে অবহিত করবে৷ তাতে, গ্রামীণ একান্তবাস কেন্দ্রগুলিতে স্যানিটাইজেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জল ও আলোর ব্যবস্থা করা সুনিশ্চিত হবে৷ প্রশাসন বহিঃরাজ্য থেকে আগতদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ওই কেন্দ্রগুলিতে স্বাস্থ্য কর্মীদের পরিদর্শন সুনিশ্চিত করবে৷ ওই কেন্দ্রগুলির সুষ্ঠু পরিচালনায় মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিদিন গ্রামীণ একান্তবাস কেন্দ্রে পরিদর্শনে যেতে হবে৷


নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে, কোভিড-১৯-এর কোনও লক্ষণ বা অন্য কোনও রোগের লক্ষণ গ্রামীণ একান্তবাসে বসবাসকারীদের মধ্যে দেখা গেলে অবিলম্বে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মহকুমাশাসক কিংবা জেলাশাসকের গোচরে বিষয়টি নিতে হবে৷ বহিঃরাজ্য থেকে আগতদের ১৪ দিনের জন্য গ্রামীণ একান্তবাস কেন্দ্রে রাখা হবে এবং মেয়াদ সমাপ্ত হওয়ার পর তাদের যথাযথ তথ্য সংগ্রহ করে ছুটি দেওয়া যাবে৷ সাথে যোগ করা হয়েছে, কোনও উদ্ভূত সমস্যা দিলে তাৎক্ষণিকভাবে প্রতিকারের জন্য ব্লক কিংবা মহকুমা অথবা জেলা প্রশাসনের কাছে বিষয়টি অবহিত করতে হবে৷


জেলাশাসকের পরিচালনায় মহকুমাশাসক সংশ্লিষ্ট মহকুমার অধীনে সমস্ত ’’গ্রাম একান্তবাস সুবিধা’’-র সার্বিক দায়িত্বে থাকবেন এবং নিশ্চিত করবেন, ওই কেন্দ্রগুলি যথাযথভাবে পরিচালিত হবে এবং সামাজিক দূরত্বের নিয়ম, মাস্ক পরা, ঘন ঘন স্যানিটাইজেশন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top