News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক দূরত্ব রেখে বাইক, তাক লাগালেন রাজ্যের অনামি প্রযুক্তিবিদ
Image

সামাজিক দূরত্ব রেখে বাইক, তাক লাগালেন রাজ্যের অনামি প্রযুক্তিবিদ

আগরতলা, ২৬ এপ্রিল (হিঃসঃ)৷৷ গোটা বিশ্ব আজ করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চাইছে৷ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই যুদ্ধ জয় সম্ভব, দেশের প্রান্তিক রাজ্য ত্রিপুরার এক অনামি প্রযুক্তিবিদ সেটাই প্রমাণ করে দেখিয়েছেন৷ সামাজিক দূরত্ব, প্রধানমন্ত্রীর এই আবেদনে সাড়া দিয়ে আস্ত একটি বাইক বানিয়ে ফেললেন ত্রিপুরার রাজধানী আগরতলার আরালিয়া এলাকার বাসিন্দা পার্থ সাহা। বাইকেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব, সেটাই তিনি প্রমাণ করেছেন৷


পুরনো বাইকের কিছু যন্ত্রপাতি এবং রড ও মোটর ব্যবহার করে তিনি সামাজিক দূরত্ব-বাইক বানিয়েছেন৷ ব্যাটারি চালিত ওই বাইকের চালক এবং সহ-যাত্রীর মধ্যে দূরত্ব রাখা হয়েছে ২ মিটার৷ পার্থবাবুর দাবি, সামাজিক দূরত্ব বজায় রেখে মেয়েকে স্কুলে নিয়ে যাব কীভাবে, সেই চিন্তা থেকেই এই বাইক বানিয়েছি৷ দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এই বাইকের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে৷


করোনা মোকাবিলায় দেশ আজ একজোট, সামাজিক দূরত্ব বজায় রাখতে বিরল এই আবিষ্কারে সেটাই প্রমাণিত হয়েছে৷ পার্থ সাহার কথায়, পুঁথিগত বিদ্যা আমার তেমন নেই। কিন্তু ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আমার ভীষণ ঝোক ছিল৷ তাই ব্যতিক্রমী কিছু আবিষ্কারের নেশা ছিল বরাবরই৷ তিনি বলেন, মাধ্যমিক পাশ করতে পারিনি৷ কিন্তু তাতে আমার কোনও আক্ষেপ নেই৷ ইলেকট্রনিক্স নিয়ে বেসরকারি কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়েছি৷ ভালো কাজের জন্য সেখানে চাকরিও পেয়েছি৷ কিন্তু অভিনব কিছু আবিষ্কার করি, সেই নেশায় চাকরি ছেড়ে দিয়েছিলাম৷ তাঁর কথায়, প্রযুক্তির নানা কলা-কৌশল ব্যবহার করে অনেক কিছুই বানিয়েছি৷ ইউটিউব চ্যানেলে সেই সব আবিষ্কার প্রকাশ করেছি। আজ বেশ ভালোই আছি৷
পার্থের মতে, জীবিকা নির্বাহের জন্য সামান্য আয়োজনই যথেষ্ট৷ বাবা, মা, স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে ছোট্ট সংসারে প্রয়োজন সামান্যই৷ তাই, অর্থের প্রতি কখনওই মোহ নেই। তিনি বলেন, ইতিপূর্বে ইলেকট্রিক বাইক বানিয়েছি৷ যার গতি প্রতি ঘণ্টায় ৬০ কিমি। তিনি চাইছেন, সরকারি সহায়তা মিললে ইলেকট্রিক চালিত ট্রেন বানাবেন৷ স্বদেশী প্রযুক্তির ওই ট্রেন অনেক সাশ্রয়ী হবে বলে দাবি করেন পার্থ সাহা৷


এমনই এক আবিষ্কার সম্পর্কে তিনি বলেন, করোনা মোকাবিলায় এখন লকডাউন চলছে। ফলে আমাদের সকলের সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি৷ তাই সামাজিক দূরত্বের বাইক তৈরি করেছি৷ বাইকের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, পুরনো বাইকের যন্ত্রপাতি আলাদা করে মাঝখানে রড বসিয়ে দিয়েছি৷ তাতে, সামনের চাকার সাথে পেছনের চাকার দূরত্ব রেখেছি ৩ মিটার৷ তাছাড়া, দুই আসনের মধ্যেও দূরত্ব রেখেছি ২ মিটার। কারণ, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ওইটুকু ব্যবধান থাকতেই হবে৷ তাঁর কথায়, ব্যাটারি এবং মোটরের মেলবন্ধনে বাইক তৈরি হয়ে গেছে৷ এই বাইক চালানোর জন্য পেছনের চাকা যান্ত্রিকভাবে ঘুরতে হবে৷ তাই পেছনের চাকায় ৭৫০ ওয়াট এবং ৪৮ ভোল্টের একটি মোটর লাগিয়েছি৷ তাছাড়া, বাইকের যাবতীয় যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী লাগানো হয়েছে৷ উদাহরণ হিসেবে তিনি বলেন, চাকায় শক-অ্যাবজর্ভার এবং গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ক্ষমতাসম্পন্ন ব্রেক৷


সাহাবাবু বলেন, পেছনের আসনে একটি রড দিয়ে হ্যান্ডল বানিয়ে বসানো হয়েছে৷ তাতে ওই আসনে যে বসবে, অন্তত বাইক থেকে যাতে পড়ে না যায়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর কথায়, এই বাইক তৈরি করতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে৷ খরচের বিস্তারিত হিসাবও দিয়েছেন তিনি৷ তাঁর দাবি, ব্যাটারি ১৫ হাজার টাকা এবং মোটর ও পুরনো বাইকের জন্য ১৫ হাজার টাকা খরচ করতে হয়েছে৷ তিনি বলেন, ওই বাইক তৈরি করতে ১ দিন সময় লেগেছে৷


ছেলের বিস্ময়ী কর্মকাণ্ড সম্পর্কে গর্বিত মা বলেন, ছোটবেলা থেকেই পার্থ নানা যন্ত্রপাতি নিয়ে খেলাধুলা করত৷ ইলেকট্রনিক্সের প্রতি তার অসম্ভব আকর্ষণ৷ তাই আমরাও তাকে কখনও আটকাইনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top