নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ দুঃসময়ে বিনামূল্যে চাল পেয়ে ত্রিপুরার গরিব মানুষ ভীষণ খুশি হয়েছেন৷ তিন মাস বিনামূল্যে চাল পাবেন, তাতে তারা ভীষণ উপকৃত হবেন বলে দাবি করেছেন৷ আজ বিভিন্ন রেশন দোকানে একই চিত্র উঠে এসেছে৷
এদিন আগরতলায় রেশন সংগ্রহ করতে এসে জনৈক ব্যক্তি বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে রোজগার বন্ধ হয়ে গেছে৷ ফলে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য যথেষ্ট আর্থিক সাচ্ছন্দ্য নেই আমাদের৷ তিনি বলেন, তিন মাস বিনামূল্যে চাল পেয়ে এখন আমাদের না খেয়ে থাকতে হবে না৷ নিশ্চিত হতে পেরেছি, এই দুর্দিনে পরিবারের সকলের দু-বেলা খাবার জুটবেই৷ তার জন্য তিনি ত্রিপুরা সরকার এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷
আজ জনৈক রেশন দোকানের মালিক বলেন, অন্ত্যোদয় পরিবারকে ৩৫ কেজি এবং বিপিএল পরিবারের মাথাপিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে৷ তিনমাস তাঁদের ওই চাল দেওয়া হবে৷ তাতে, তাঁরা ভীষণ উপকৃত হবেন৷ তিনি বলেন, ইতিমধ্যে চাল দেওয়া শুরু হয়ে গেছে৷


















