News Flash

  • Home
  • Uncategorized
  • রাঙ্গাছড়া কান্ডের হয়নি রহস্য ভেদ, লেজেগোবরে পুলিশ
Image

রাঙ্গাছড়া কান্ডের হয়নি রহস্য ভেদ, লেজেগোবরে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ সিধাই মোহনপুরের রাঙ্গাছড়া গ্রামের যুবতীর অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে রাজনৈতিক তৎপরতা যেমন চরমে তেমনি রাম পুলিশের ভূমিকা নিয়েও নিন্দা ও সমালোচনার ঝড় বইছে৷ প্রথমে যুবতী নিখোঁজ হওয়ার খবর মা-বাবা থানায় জানালেও পুলিশের দায়সারা মনোভাব এবং মৃতদেহ উদ্ধারের পর যেভাবে গোটা ঘটনাকে অন্য মোড় দেওয়ার চেষ্টা, পুরোটাতেই পুলিশের ঘৃণ্য ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেল৷ শাসক দল বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের চোখেই পুলিশ ভিলেন হয়ে গিয়েছে৷ মৃতদেহ উদ্ধারের পর প্রতিবেশী ম্যাজিক চালকের দিকে আঙুল উঠেছিল৷ পুলিশ তাকে আটক করেছিল৷ কিন্তু, প্রায় চবিবশ ঘন্টা পর পুলিশ ঠেলায় পড়ে তাকে গ্রেপ্তার করেছে৷ সেই সাথে একটি মামলা নিয়েছে৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৬৪, ৩০২, ৩৭৬(ডি), ২০১, ৩৪ ধারা মোতাবেক৷ মামলা নিয়ে পুলিশ শনিবার ম্যাজিক চালক সৌরভ পালকে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল তাকে আদালতে সৌপর্দ করা হবে৷ সিধাই থানার পুলিশের দাবি খুব শীঘ্রই এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত অন্যদেরও জালে তোলা হবে৷ এদিকে, যুবতীর অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যেমন প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, তেমনি মহিলা কমিশনও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পুলিশের একহাত নিয়েছে৷


রাঙ্গাছড়া গ্রামে যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরেজমিনে খোঁজ খবর নিল মহিলা কমিশন৷ কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর দাবি, ওই যুবতীকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ আত্মহত্যা করেছেন বলে তিনি মনে করছেন না৷ তিনি দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন৷ সাথে তিনি বর্বরতম ঘটনা নিয়ে রাজনীতির বদলে মানুষের মূল্যবোধ গড়ে তুলতে সকলকে সহায়তা করার আবেদন জানিয়েছেন৷


প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন রাঙ্গাছড়া গ্রামে খালি জমিতে গতকাল সকালে এক যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ বছর বাইশের ওই যুবতী বৃহস্পতিবার বিকেলে কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তার পর আর বাড়ি ফেরেননি৷ রাঙ্গাছড়া গ্রামের ওই যুবতীর পরিবার ওইদিন রাতেই সিধাই থানার দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাঁদের কোনও সহযোগিতা করেনি বলে মৃতার মা সীমা দেব অভিযোগ করেছেন৷ তিনি বলেন, স্থানীয় বাসিন্দা গাড়ি চালক সৌরভ পালের কাছে তাদের মেয়ের মোবাইল রয়েছে৷ তাঁদের ধারণা সৌরভই তাঁর মেয়েকে খুন করেছে৷ ওই যুবতীর পরিবারের অভিযোগে পুলিশ গাড়ি চালক সৌরভ পালকে গ্রেফতার করেছে৷


শনিবার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী স্বপার্ষদ রাঙ্গাছড়া গ্রামে ওই যুবতীর বাড়িতে যান এবং সমস্ত বিষয়ে খোঁজখবর নেন৷ মৃতার মায়ের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং ঘটনা সম্পর্কে অবগত হন তিনি৷ ওই ঘটনা নিয়ে পুলিশের সাথেও কথা বলেছে মহিলা কমিশন৷ এ-বিষয়ে কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, মৃতার মায়ের বক্তব্য অনুসারে ধৃত গাড়ি চালক সৌরভ পাল তাঁর মেয়েকে প্রায়ই বিরক্ত করত৷ কিন্তু ওই ছেলের সাথে কোনও রকম সম্পর্কে যেতে রাজি ছিল না তাঁর মেয়ে৷ তাই তিনি ধারণা করছেন, হয়ত গুরুত্ব পাচ্ছে না দেখে তাঁর মেয়েকে নৃশংসভাবে খুন করেছে সৌরভ৷
বর্ণালী গোস্বামীর কথায়, ওই যুবতী আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে না৷ কারণ, তাঁর শরীর যেভাবে পুড়েছে তাতে আত্মহত্যা বলে মেনে নেওয়া অসম্ভব৷ তাঁর দাবি, ওই যুবতীকে খুন করে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে৷ তিনি বলেন, ধৃত যুবক সৌরভ পালের জবানবন্দি থেকে জানা গেছে, ঘটনার আগেরদিন কিছুটা সময় তার সাথেই ছিল ওই যুবতী৷ তবে, পুলিশের তদন্তে ওই ঘটনায় সমস্ত রহস্য বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন৷ সাথে তাঁর ধারণা, ওই যুবতীর মৃত্যুর ঘটনাকে পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেবে না৷ তিনি বলেন, ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট আসার পর সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে৷
এদিকে, যুবতীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরায় বিরোধীরা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করছে৷ সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ইতিমধ্যে বামপন্থী ছাত্র সংগঠন রাস্তায় নেমে পড়েছে৷ গণতান্ত্রিক নারী সমিতিও আজ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ শুধু তা-ই নয়, কংগ্রেস নেতা সুবল ভৌমিক আজ সকালে রাঙ্গাছড়া গ্রামে গিয়ে ওই যুবতীর পরিবারের সাথে দেখা করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ ত্রিপুরায় নারী সুরক্ষিত নন বলে তিনি অভিযোগ করেছেন৷
এ-বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, ওই যুবতীর সাথে বর্বরতম ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ বরং, কীভাবে এ ধরনের ঘটনা প্রতিহত করা যায়, তা নিয়ে ভাবা খুবই জরুরি৷ তাঁর কথায়, এ ধরনের ঘটনা প্রতিহত করার বদলে কোনও একটি রাজনৈতিক দল কিংবা সরকারকে দোষারোপ করলে উদ্দেশ্য সফল হবে না৷ রাজনীতির ঊর্ধ ওঠে আমাদের সকলকে তা মোকাবিলা করতে হবে৷ কারণ, মানুষের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা সম্ভব না হলে এমন ঘটনা প্রতিহত করা যাবে না, বলেন তিনি৷

রাঙ্গাছড়া গ্রামে যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছে বিজেপি৷ শুধু তা-ই নয়, বিরোধীরা ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াতে চাইছেন বলে অভিযোগ শাসক দলের৷ শনিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বিজেপির প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এ-কথা বলে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷
পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন রাঙ্গাছড়া গ্রামে গতকাল সকালে খালি জমিতে যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ তাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে৷ ওই ঘটনা ত্রিপুরার জনমনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে৷ বিরোধীরা সুযোগ পেয়েই মাঠে নেমে পড়েছেন৷ শনিবার কংগ্রেস নেতা সুবল ভৌমিক ওই যুবতীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন৷ ওই সময় স্থানীয় কয়েকজন দুষৃকতী তাকে হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷
আজ নবেন্দু নাম না করে কটাক্ষের সুরে বলেন, রাজনীতিতে অনেকে আছেন সবসময় মৃতদেহ খুঁজে বেড়ান৷ কোনও একটি ঘটনা নিয়ে উত্তেজিত করার রসদ সংগ্রহ করেন তারা৷ আসলে রাজনীতিতে ব্রাত্য হয়ে পড়ায় জমি খুঁজে পেতেই নোংরা খেলায় মেতে উঠেন এঁরা৷ তিনি বলেন, রাঙ্গাছড়ার ঘটনায় নোংরা রাজনীতি করার বদলে দোষীর শাস্তির জন্য আওয়াজ ওঠা উচিত৷ তাঁর দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সিপিএম সমর্থক৷ তাঁর কঠোর শাস্তি হোক, দাবি জানিয়েছেন তিনি৷ সাথে তিনি ওই পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন৷
এদিন তিনি সুর চড়িয়ে বলেন, অস্থিরতা সৃষ্টির জন্যই বিরোধী রাজনৈতিক দলের নেতা সেখানে গিয়েছিলেন৷ পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিক, চাইছে বিজেপি৷ তাঁর দাবি, রাজনৈতিক উত্তেজনা ছড়ানো ওই সব নেতাদের একমাত্র লক্ষ্য৷ তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে৷ সাথে তিনি স্বীকার করেন, ওই যুবতীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে৷ তবে এর পেছনে ত্রিপুরা সরকারকে বদনাম করার ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি দাবি করেন৷

সিধাই থানা এলাকার মোহনপুরের রাঙ্গাছড়ায় অগ্ণিদগ্দ করে এক যুবতীকে হত্যার ঘটনা সম্পর্কে শোকাহত পরিবার পরিজনদের কাছ থেকে খোঁজ খবর নিতে গিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ মহিলা নেত্রীরা৷ আক্রমণের হাত থেকে রক্ষা পাননি চিত্র সাংবাদিকরাও৷ সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনতাই করে নিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ কংগ্রেস নেতা সুবল ভৌমিক মোহনপুরের রাঙ্গাছড়ায় যুবতীকে ধর্ষণ শেষে অগ্ণিদগ্দ করে হত্যার ঘটনাকে হায়দ্রাবাদের পশু চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, এ ধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি দল এবং সফরত সাংবাদিকরা আক্রমণের শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন৷
সুবলবাবু বলেন, তারা যখন শোকাহত মা ও মাসীর সঙ্গে কথা বলছিলেন তখনই তাদের উপর হামলা সংগঠিত করা হয়৷ ঘটনা সম্পর্কে শোকাহত পরিবারের লোকজনরা হাতে কোন কিছু বলতে না পারেন সেজন্য নিহত মন্টি দেবের মাকে চুলের মুঠি ধরে টেনে হ্যাচড়ে ধরে নিয়ে গেছে বলে জানান তিনি৷ দুষৃকতিকারীরা শোকাহত পরিবারের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে৷ সফরত সাংবাদিকদের উপরও তারা আক্রমণ করেছে৷ ক্যামেরা ছিনতাই করে নিয়ে গেছে৷ রাজ্যে সংবাদ মাধ্যমের অধিকারও হরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ ঠুঁঠো জগন্নাথের ভূমিকা পালন করেছে বলেও তিনি অভিযোগ করেন৷
হত্যাকাণ্ডের মামলা নথীভুক্ত না করতে আইনমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন সুবল বাবু৷ ঘটনার জড়িত যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে সে পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারপার্সনের ভাই বলেও জানান সুবল বাবু৷

সিধাই মোহনপুরের রাঙ্গাছড়ায় যুবতীকে জ্যান্ত অগ্ণিদগ্দ করে হত্যার ঘটনা ও ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে যাওয়া বিরোধী দলের নেতাদের উপর হামলা, বাধা দান এবং সর্বোপরি সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুর ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে শনিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে গণতান্ত্রিক নারী সমিতি৷ রাজ্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ণ তুলেছেন গণতান্ত্রিক নারী সমিতির বর্ষীয়ান নেত্রী রমা দাস৷
শনিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সামিল হয়ে তিনি বলেন, বিগত বাম সরকারের আমলে সাংবাদিকরা নির্ভয়ে স্বাধীনভাবে কাজ করেছেন৷ বর্তমান সরকার সাংবাদিকদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে৷ শনিবার মোহনপুরে সাংবাদিক আক্রান্তের ঘটনায় নারী নেত্রী রমা দাস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ সত্য ঘটনা হাতে জনসমক্ষে বেরিয়ে আসতে না পারে সেজন্যই তারা সাংবাদিকদের উপর হামলা হুজ্জুতি সংগঠিত করে চলেছে বলে তিনি অভিযোগ করেন৷ রাঙ্গাছড়ায় ২২ বছরের যুবতীকে অগ্ণিদগ্দ করে হত্যার ঘটনায় জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে নারী সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷

শোকাহত পরিবার পরিজনদের সঙ্গে দেখা করে ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন৷ মোহনপুরের রাঙ্গাছড়ায় যুবতীকে হত্যা ও অগ্ণিদগ্দ করার ঘটনাকে রাজ্যের লজ্জা ও মানবজাতির লজ্জা বলে আখ্যায়িত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তিনি বলেন, মানুষ সচেতন না হলে কোন সরকারের পক্ষেই এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয়৷ সুদীপ বাবু বলেন, এ ধরনের ঘটনা কোন ব্যক্তির একার পক্ষে সংগঠিত করা বিশ্বাসযোগ্য নয়৷ এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷


পুলিশ কোন ঘটনার কিনারা করতে পারে না তা বিশ্বাসযোগ্য নয়৷ পুলিশ ইচ্ছে করলে সব ঘটনারই কিনারা করতে পারে৷ এক্ষেত্রেও পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি মনে করেন৷ সুদীপ বাবু বলেন, আমাদের রাজ্যে এ ধরনের দুর্ভাগ্যজনক, পাশবিক, অমানবিক, হিংস্রতম, বর্বরতম ঘটনা ঘটবে তা আমাদের প্রত্যাশার বাইরে৷ তা কখনোও বাবেনি৷ কিছুদিন আগে হায়দ্রাবাদের ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনা যেমন দেশবাসীর মাথা লজ্জায় হেট করেছে, আমাদের রাজ্যের রাঙ্গাছড়ায় ঘটনাও লজ্জায় মাথা হটে করে দিয়েছে৷ এটি একটি পরিকল্পিত ঘটনা বলেও তিনি উল্লেখ করেন৷ বিদ্যুৎহীন করে ঘটনা সংগঠিত করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top