নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ৷৷ বিশ্রামগঞ্জ থানাধীন লুংথায়ছড়া এলাকার শ্রমিক মধু মিঞা খুনে গ্রেপ্তার হল আরেক অভিযুক্ত৷ গত ৭ ডিসেম্বর রাতে স্ত্রী তাসমিনার হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন স্বামী মধু মিঞা৷
এই অভিযোগ জানিয়েছিলেন মধু মিঞার পরিবার৷ ৮ তারিখ সকালে মধু মিঞার ঘরের পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ তার শরীরে আঘাতের চিহ্ণ দেখা গেছে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এদিনই তার স্ত্রী তাসমিনা আক্তারকে গ্রেপ্তার করেছিল৷ পুলিশ রিমাণ্ডে তার স্ত্রীর মুখ থেকে একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য৷ জানা গেছে, তাসমিনা আক্তারের সাথে বিশ্রামগঞ্জ বাজারের মাংস বিক্রেতা অজয় মজুমদারের অবৈধ সম্পর্ক রয়েছে৷
এনিয়ে তাসমিনা আক্তার ও শ্রমিক মধু মিঞার সাথে পারিবারিক ঝামেলাও চলছিল৷ এবং তাসমিনা আক্তার ও অজয় মজুমদার মিলেই শ্রমিক মধু মিঞাকে খুন করেছে বলে জানতে পারে পুলিশ৷ এতদিন তার খোঁজ না মিললেও মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ বাজার থেকে অজয় মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতকে মঙ্গলবারই পাঁচদিনের পুলিশ রিমাণ্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷ আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে একথা জানিয়েছেন সরকারি আইনজীবী গৌতম গীরি৷ শ্রমিকের স্ত্রী তাসমিনা আক্তার বর্তমানে জেলে রয়েছে৷



















