News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির লোভে বৃদ্ধকে পাগল সাজিয়ে আটকে রাখা হল হাসপাতালে, কাঠগড়ায় পুলিশ ও স্বাস্থ্যকর্মী
Image

সম্পত্তির লোভে বৃদ্ধকে পাগল সাজিয়ে আটকে রাখা হল হাসপাতালে, কাঠগড়ায় পুলিশ ও স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়৷ সম্পত্তির লোভে সহজ সরল ধর্মপ্রাণ বৃদ্ধকে মানসিক হাসপাতালে নিয়ে একাংশ স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় আটক রাখল গুণধর পুত্র, পুত্রবধূ ও তথাকথিত সহধর্মীনি৷ ষড়যন্ত্রে জড়িত পুলিশও৷ ঘটনা রাজধানী আগরতলা শহর এলাকার ইন্দ্রনগরের জগৎপুর কালীবাড়ি এলাকায়৷ অসহায় ওই বৃদ্ধের নাম শান্তিপদ ভট্টাচার্য৷ বিধায়ক সুদীপ রায় বর্মনের হস্তক্ষেপে বৃদ্ধকে মানসিক হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে৷


আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা কতটা যে বিপজ্জনক হয়ে উঠেছে তার অন্যতম নজির স্থাপিত হয়েছে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগরের জগৎপুর কালীবাড়ি এলাকায়৷ ওই এলাকার প্রবীণ বাসিন্দা শান্তিপদ ভট্টাচার্য ধর্মপ্রাণ মানুষ৷ বাড়িতে স্ত্রী, পুত্র পুত্রবধূ রয়েছে৷ তার নন্দননগরে আরও কিছু জায়গাও রয়েছে৷ তাছাড়া রয়েছে জিবি বাজারে রয়েছে দোকানভিটি৷ পুত্র সরোজ ভট্টাচার্য পেশায় ব্যবসায়ী৷ বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল৷ শান্তিপদ ভট্টাচার্যের এক বোন বৃন্দাবন এলাকায় থাকেন৷ কিছুদিন আগে তিনি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ সেখান থেকে ফিরে এসেই পরিবারের লোকজনদের জানান বৃন্দাবনের পরিবেশ তাকে আপ্লুত করেছে৷ তিনি সেখানে চলে যেতে চান৷ যাবার আগে বিষয় সম্পত্তির ভাগবাটোয়ারাও করে দিতে চেয়েছেন৷


ইন্দ্রনগরের জায়গা স্ত্রী পুত্রকে দেবার কথা নিজেই জানান৷ শান্তিপদবাবু জিবি বাজারে দোকানভিটিও ছেলেকে দিয়ে দিতে রাজি হন তিনি৷ কিন্তু তাতে খাই মিটছিল না পুত্র পুত্রবধূ এবং তথাকথিত সহধর্মিনীর৷ যে বাড়িটি বিক্রি করে টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে চলে যেতে চেয়েছিলেন সেই বাড়িটি বিক্রি করে দিতে রাজি নয় পরিবারের অন্যরা৷ এনিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল৷ এরই জের ধরে স্ত্রী পুত্র এবং পুত্রবধূ মিলে ধর্মপ্রাণ সুস্থ সবল শান্তিপদ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে৷ জানা গেছে মানসিক হাসপাতালেই চাকরি করেন গুণধর পুত্র সরোজ ভট্টাচার্যের শাশুড়ি৷ অপরদিকে পুলিশকেও তারা ম্যানেজ করে নেন৷ পুলিশের সহায়তাতেই বৃদ্ধ শান্তিপদ ভট্টাচার্যকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে৷

এই অমানবিক ঘটনা ঘটেছে গত ২৩ নভেম্বর৷ স্থানীয় লোকজনরা এ বিষয়ে বিশেষ কিছু জানতেন না৷ বাড়ির মালিক শান্তিপদ ভট্টাচার্যকে বাড়িতে এবং এলাকায় না দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ ক্রমশ ঘনীভূত হতে থাকে৷ এরই মধ্যে এলাকাবাসী প্রত্যক্ষ করেন পুলিশ গত ২৩ নভেম্বর শান্তিপদবাবুর বাড়িতে গিয়েছিল৷ গত কয়েকদিন ধরে শান্তিপদবাবুর কোন খোঁজখবর না পেয়ে তারই এক নিকট আত্মীয় খোঁজখবর নিতে শুরু করেন৷ তারা জানতে পারেন শান্তিপদবাবুকে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে আটকে রাখা হয়েছে৷ সেখানে পাগলের চিকিৎসা চালানো হচ্ছে৷
সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ এই চাঞ্চল্যকর ও সামাজিক অবক্ষয়ের ঘটনাটি স্থানীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে সুদীপ রায় বর্মন শুক্রবার ছুটে যান জগৎপুর কালীবাড়ি এলাকায়৷ সেখানে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে পুলিশের মদত রয়েছে৷ পুলিশের কার্যকলাপে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন৷ মানসিক হাসপাতালের কর্মীও এই ঘটনায় জড়িত থাকায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ শান্তিপদ ভট্টাচার্য সুস্থসবল এবং ধর্মপ্রাণ মানুষ বলে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷
একমাত্র সম্পত্তির লোভেই তাকে মানসিক ভারসাম্যহীন অজুহাত দেখিয়ে চক্রান্ত করে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে তিনি নিজেই ছুটে যান নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে৷ সেখান থেকে শান্তিপদ ভট্টাচার্যকে তিনি নিজের গাড়ি করে উদ্ধার করে নিয়ে আসেন৷
এদিকে এ ধরনের ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের ঘটনায় জড়িত পুত্র, পুত্রবধূ ও স্ত্রীর বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top