News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে বসে রাজনীতির বদলে গ্রাম-পাহাড়ে ঘুরে দেখা উচিত, দামছড়ায় জনতা দরবার শেষে বললেন মুখ্যমন্ত্রী
Image

রাজধানীতে বসে রাজনীতির বদলে গ্রাম-পাহাড়ে ঘুরে দেখা উচিত, দামছড়ায় জনতা দরবার শেষে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যবাসীর মানসিকতার পরিবর্তন হচ্ছে৷ সমষ্টিগত উন্নয়নের কথা ভাবছেন রাজ্যের সাধারণ মানুষ৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের দামছড়ায় জনতা দরবার অনুষ্ঠান শেষে নিজের অভিজ্ঞতা থেকে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রাজধানীতে বসে রাজনীতি করতে চাই না৷ ত্রিপুরার প্রত্যেক জনগনের কাছে পৌঁছাতে চাই আমি৷ কারণ, রাজ্যবাসীর মানসিকতায় পরিবর্তন আমাকেও তাঁদের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়েছে৷
নির্বাচন-সহ বিভিন্ন কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর দ্বিতীয় পর্যায়ে সোমবার থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর জনতা দরবার৷ এদিন জনতা দরবার অনুষ্ঠিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে অবস্থিত দামছড়া কমিউনিটি হল-এ৷ বেশ কিছুদিন ধরেই জনতা দরবারকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক তৎপরতা চলছিল ওই এলাকায়৷ দলমত নির্বিশেষে ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে৷ সে অনুযায়ী সোমবার অনুষ্ঠিত জনতা দরবারে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন৷ তাঁরা নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রীর দরবারে৷


সাধারণ মানুষের কথা শোনার জন্য প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে দামছড়ায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি সবার কথা শোনেন এবং এক মাসের মধ্যেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন৷ বাকি যে সমস্যাগুলি সমাধানের জন্য সমীক্ষার প্রয়োজন রয়েছে, তা-ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷
মূলত, জনজাতি অধ্যুষিত এলাকায় মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন সিংহভাগ জনজাতি অংশের লোকজন৷ কেউ বলছিলেন সুকলের কথা, আবার কেউ চিকিৎসা পরিষেবার দাবি তুলে ধরেছেন৷ আবার অনেকে রাস্তাঘাট, প্রশাসনিক পরিকাঠামো ইত্যাদির কথাও বলেছেন৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, জনতা দরবারের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে রাজ্যবাসীর মানসিকতার পরিবর্তন হয়েছে৷ তাঁর দাবি, এদিন সমস্যা সমাধানের জন্য কোনও রাজনৈতিক নেতা সেই অর্থে আসেননি৷ বরং সাধারণ মানুষ এসেছেন৷ এর মধ্যে ৯৯ শতাংশই জনজাতি অংশের৷
এদিন জনতা দরবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ মানুষের অভাব-অভিযোগ শোনার পর, ছোটখাটো সমস্যা স্থানীয় প্রশাসনিক আধিকারিকদেরই সমাধান করে দেওয়ার জন্য বলেন তিনি৷ পঞ্চায়েতসচিব থেকে শুরু করে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী বলেন, যে যেখানেই দায়িত্বে আছেন, সেখানেই যেন সংশ্লিষ্টরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেন৷ প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, যেখানেই থাকবেন, ’ত্রিপুরা নির্মাণের কাজ করবেন’৷


জনতা দরবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ এখন সমাজের সার্বিক কল্যাণের কথা ভাবছেন৷ জনতা দরবারে উপস্থিত হয়ে মানুষের উত্থাপিত বিভিন্ন বিষয় বিবেচনা করে এই দাবি করেন তিনি৷
বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এ জায়গায় এসে কারোর কাছ থেকেই শোনেননি যে তাঁরা কেউ খেতে পাচ্ছেন না৷ রাজ্যের প্রত্যন্ত এলাকায় না গিয়ে, সত্যের মুখোমুখি না হয়ে, আগরতলায় বসে রাজনীতি করার ফলেই এ-ধরনের অভিযোগ করে থাকেন বিরোধীরা৷ রাজ্যের জনজাতি অংশের মানুষের কাছে গিয়ে আসল সত্য জানার জন্য বিরোধীদের প্রতি আহ্বান রাখেন বিপ্লব দেব৷ এদিন তাঁর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন-সহ অন্যরা৷


এদিকে, জনতা দরবার শেষে মুখ্যমন্ত্রী সবার সঙ্গেই বসে দুপুরের আহার গ্রহণ করেছেন আজ৷ মুখ্যমন্ত্রী খাবেন বলে আগে থেকেই রাজকীয় আয়োজন না করার জন্য বলা ছিল৷ তাই সংশ্লিষ্ট আধিকারিক ও সাধারণ মানুষের সঙ্গে বসে কালাপাতায় পরিবেশিত খিচুড়ি খেয়েই দুপুরের আহার সারেন তিনি৷ প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী প্লাস্টিকের ব্যবহারও এদিন করা হয়নি৷ গোটা আয়োজনই ছিল প্লাস্টিকমুক্ত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top