News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, ১০ বিজেপি কর্মী জখম, লাঠিচার্জ পুলিশের
Image

বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, ১০ বিজেপি কর্মী জখম, লাঠিচার্জ পুলিশের

কলকাতা,১২ জুন (হি.স): সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বুধবার বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বিবি গাঙ্গুলি স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে । অবরুদ্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ । বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ । গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিজেপি নেতা, সমর্থক । এরপরই দেড় ঘন্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ।  
যদিও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে লড়তে আসিনি । পুলিশ আমাদের উপর অত্যাচার করছে’।‌লালবাজার অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করে দিলীপ ঘোষ বলেন, ‘আজকের আন্দোলন শেষ হল । ৫০ জনের বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, পুলিশ জানিয়েছে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে । তাই আজকের মতো আন্দোলন শেষ । গোটা ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে’।

সব মিলিয়ে মাত্র দেড় ঘণ্টা । দুপুর একটা থেকে বেলা  আড়াইটে । এর মধ্যেই শেষ হয়ে গেল বিজেপির লালবাজার অভিযান । যা দেখে অনেকেই বলছেন । যতটা গর্জন হয়েছিল, ততটা বর্ষণ হল না ।

তখনও মূল মিছিল শুরু হয়নি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে । তিনজন বিজেপির মহিলা মোর্চার কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে আচমকা পৌঁছে যান লালবাজারের সদর দরজার সামনে । রাস্তায় বসে পড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন । সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁদের ।

একে একে সব নেতারা সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে উপস্থিত হলে বেলা একটা কুড়ি নাগাদ মিছিল শুরু করে বিজেপি । দুপুর পৌনে দুটো নাগাদ লালবাজারে না গিয়েই শেষমেশ সেন্ট্রাল অ্যাভিনিউতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা । সেন্ট্রাল অ্যাভিনিউ থেকেই মূলত এদিনের কর্মসূচিতে ইতি টানেন দিলীপ ঘোষরা । ততক্ষণে কাঁদানে গ্যাস ও জলকামানের দাপটে বেশ কয়েকজন বিজেপি নেতা,কর্মী অসুস্থ হয়ে পড়েন । 

বিবি গাঙ্গুলী রোডের মুখে আসতেই বিজেপি-র মিছিল আটকে দেয় পুলিশ । একটি ব্যারিকেড ভাঙে বিজেপি কর্মীরা । তারপরই পুলিশ জল কামান চালাতে শুরু করে । ছোঁড়া হয় কাঁদানে গ্যাস । ছত্রভঙ্গ হয়ে যায় জনতা । অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন সাংবাদিকও । কাঁদানে গ্যাসের জেরেই বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় । রাস্তাতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকজন বিজেপি কর্মী,সমর্থক । এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ক্ষোভের সুরে বলেন, ‘আমাদের মিছিলে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে । শান্তিপূর্ণ ভাবে মিছিল হচ্ছিল, কোনওরকম সতর্ক না করেই আমাদের সাংসদ, শীর্ষ নেতাদের উপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে’। এমনকি, কোনও অ্যাম্বুল্যান্স রাখা ছিল না বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘জঘন্য রাজনীতি চলছে বাংলায় । এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’ । তাঁর দাবি, বিনা প্ররোচনায় কাঁদানে গ্যাস ফাটিয়েছে পুলিশ ।

একই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র দাবি, রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর । এভাবে চলতে থাকলে রাজ্যের বিষয়ে কেন্দ্র ভাববে। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিয়ে কৈলাশের মন্তব্য, ‘আমরা চাই পাঁচ বছর সরকার চলুক । কিন্তু এভাবে চললে কেন্দ্রকে ভাবতে হবে’ । 

গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ দুপুর সওয়া দুটো নাগাদ বিজেপির দখলে চলে যায় । ম্যাটাডোরে মাইক বেঁধে পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভাষণ দিতে শুরু করেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা । ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা । সেসময়ই জল কামান দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । জলকামান, কাঁদানে গ্যাসের শেল, এই জোড়া ফলাতেই মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপির মিছিল ।

সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে বিজেপির মিছিলে উত্তজেনা ছড়ায় । ইট ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে । বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয় ছাদ থেকে তৃণমূল কর্মীরাই ইট ছুঁড়েছে । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান কৈলাশ বিজয়বর্গীয়, এসএস আলুওয়ালিয়া, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা ।

দুপুর দুটো পঁয়ত্রিশ নাগাদ বিজেপি রাজ্য দফতরের দিকে হাঁটতে হাঁটতে রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দেন আজকের মতো আন্দোলন এখানেই স্থগিত । তাঁর দাবি, পুলিশ ঘোষণা করেছে, ৫০ হাজার মানুষকে গ্রেফতার করে মুক্তি দেওয়া হল।  তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নেতৃত্ব বসে পরবর্তী আন্দোলনের কর্মসূচি তৈরি করবে ।

ফলে, দেড় ঘন্টাতেই আন্দোলন শেষ । রাজনৈতিক মহলের অনেকের মতে, সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মীদের বিরোধী আন্দোলনের মেজাজেও আমূল বদল এসে গিয়েছে । এই পশ্চিমবঙ্গেই অতীতে ৫৯ এবং ৬৬-র খাদ্য আন্দোলন হয়েছিল । ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে অগ্নিগর্ভ আন্দোলনের ইতিহাসও বাংলার রাজনীতিতে জ্বলজ্বল করছে । নয়ের দশকে যুব কংগ্রেসের সভাপতি থাকার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাইয়ের আন্দোলন এবং তাতে পুলিশের গুলিতে ১৩ জন কর্মীর মৃত্যু, এসবই এখন অতীত । বিরোধী আন্দোলনের ধরন দেখে অনেকেই বলছেন, মানসিকতা বদলেছে বলেই আন্দোলনের স্টাইল বদলে গিয়েছে । এখনকার পশ্চিমবঙ্গে ঝুঁকির আন্দোলন নেই ।

গত শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি । এ ঘটনায় নিহত হন দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল । হিংসার ঘটনায় নিহত হন আরেক তৃণমূল কর্মী কায়ুম মোল্লা । দেবদাস মণ্ডল সহ আরও কয়েকজন কর্মী এখনও নিখোঁজ বলে দাবি বিজেপির । এ ঘটনার প্রতিবাদে গত সোমবার বসিরহাট মহকুমা এলাকায় বনধ ডাকে বিজেপি । একইসঙ্গে সেদিন রাজ্যজুড়ে কালাদিবস পালন করে বিজেপি । সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top