News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-সিপিএম-বিজেপির তোপের মুখে নির্বাচন কমিশন
Image

কংগ্রেস-সিপিএম-বিজেপির তোপের মুখে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ লোকসভা ভোটকে ঘিরে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের তোপের মুখে পড়েছে নির্বাচন কমিশন৷ কংগ্রেস ও সিপিএমের অভিযোগ স্ক্রুটিনিতে তাঁদের ডাকা হয়নি৷ নয়তো ভোটে ব্যাপক কারচুপি তখনই ধরা পড়ে যেত৷ বিজেপির কথায়, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ উল্টো, ভোট প্রক্রিয়া নিয়ে ঘন ঘন ভোল বদল হচ্ছে নির্বাচন কমিশনের৷ তাতে মনে হচ্ছে, ভোট নিয়ে শাসক-বিরোধী উভয়ের সম্মিলিত তোপের মুখে কার্য্যত দিশেহারা নির্বাচন কমিশন৷

ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর স্ক্রুটিনিতে ডাকা হয়নি বিরোধীদের৷ শনিবার এই অভিযোগ এনেছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ কংগ্রেসের দাবি, স্ক্রুটিনিতে উপস্থিত থাকার জন্য পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের কাছ থেকে কোন আমন্ত্রণ পাইনি৷ একইভাবে বামেদের দাবি, সময়মতো তাঁদের খবর দেননি রিটার্নিং অফিসার৷ ফলে, তাঁরা স্ক্রুটিনিতে অংশ নিতে পারেননি৷ তবে, বিরোধী রাজনৈতিক দলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক ও পশ্চিম আসনে রিটার্নিং অফিসার৷

শনিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তাপস দে জানিয়েছেন, পশ্চিম আসনে নির্বাচনের পর স্ক্রুটিনির জন্য তাঁদের ডাকা হয়নি৷ ১২ ও ১৩ এপ্রিল স্ক্রুটিনি হবে তা জানা থাকলে কংগ্রেসের প্রতিনিধিরা তাতে অবশ্যই অংশ নিতেন৷ তিনি বলেন, ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন৷ প্রথমে তিনি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জানিয়েছিলেন৷ কিন্তু, এখন তিনি নিজের অবস্থান বদল করেছেন৷ ভোটে কারচুপির অভিযোগ তিনি নিজেই স্বীকার করেছেন৷ শ্রীদে’র কথায়, স্ক্রুটিনিতে বিরোধীদের ডাকা হলে ভোটে কারচুপির বিষয়টি তখনই ধরা পড়ে যেত৷ তিনি বলেন, দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল নালিশ জানিয়েছে৷

এদিকে, একই অভিযোগ এনেছে সিপিএম৷ পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আজ সাংবাদিক সম্মেলনে বলেন, সময় মতো স্ক্রুটিনির খবর দেওয়া হয়নি৷ তাই, বামফ্রন্টের তরফে কেউ স্ক্রুটিনিতে যেতে পারেননি৷ তাঁরও দাবি, স্ক্রুটিনিতে সময় মতো ডাকা হলে ভোট কারচুপির সমস্ত বিষয় ধরা পড়ে যেত৷

কিন্তু, কংগ্রেস ও বামফ্রন্টের এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনিকান্তি এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার ড সন্দীপ এন মাহাত্মে৷ শ্রীরাম তরনিকান্তি বলেন, পশ্চিম আসনে রিটার্নিং অফিসার সমস্ত রাজনৈতিক দলগুলিকে স্ক্রুটিনির সময় উপস্থিত থাকার জন্য খবর পাঠিয়েছিলেন৷ পশ্চিম আসনে রিটার্নিং অফিসার বলেন, কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা স্ক্রুটিনিতে উপস্থিত ছিলেন৷ তাঁদের সময় মতোই নোটিশ পাঠানো হয়েছিল৷ এমনকি তাঁরা নোটিশ পেয়েছেন তার প্রমাণও আমাদের কাছে রয়েছে৷ তাই, রাজনৈতিক দলগুলি যেমন খুশী দাবি করলেই তা মেনে নেওয়া সম্ভব নয়৷ ভোট প্রক্রিয়ায় কোন ত্রুটি রাখা হচ্ছে না, দাবি করেন তিনি৷

এদিকে, পশ্চিম আসনে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ঘোষণা দিয়ে এখন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক ঘন ঘন বয়ান পাল্টাচ্ছেন৷ তাতে স্পষ্ট, তিনি বিভ্রান্ত হয়েছেন৷ আক্ষেপের সুরে একথা বলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, মুখ্য নির্বাচন আধিকারীকের জন্যই বিরোধীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন৷ তাঁরা বিজেপির বিরুদ্ধে নানা ফন্দি এঁটেছেন৷

নবেন্দু বলেন, ভোট প্রক্রিয়ায় ঘন ঘন পরিস্থিতি বদল হচ্ছে৷ নির্বাচন নিয়ে বিরোধীরা বহু অভিযোগ তুলেছেন৷ নির্বাচন কমিশন তা গুরুত্ব দিয়ে দেখছেন৷ কিন্তু, থানায় ঢুকে পুলিশের সামনে এক যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে কমিশন এখনো কোন ব্যবস্থা নেয়নি৷ সাথে তিনি যোগ করেন, ওইদিন প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে এটিটিএফ সুপ্রিমো রঞ্জিৎ দেববর্মাও ছিলেন৷ তাঁর কথায়, নির্বাচন কমিশনে ভিডিও ফুটেজ সহ অভিযোগ জমা দেওয়া সত্বেও প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রঞ্জিৎ দেববর্মার বিরুদ্ধে এখনো কোন পদক্ষেপ নেয়নি কমিশন৷ শুধু তাই নয়, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ার পেছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে, তাও কমিশনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে জানানো হয়েছে৷ কিন্তু, কমিশন এসমস্ত বিষয় আমল দিচ্ছে না, অভিযোগ করেন নবেন্দু৷

তিনি বলেন, পশ্চিম আসনে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তা খোদ মুখ্য নির্বাচন আধিকারীকই ঘোষণা দিয়েছিলেন৷ কিন্তু, এখন তিনি ঘন ঘন বয়ান পাল্টাচ্ছেন৷ তাঁর কটাক্ষ, ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক বিভ্রান্ত হয়ে পড়েছেন৷ তাই, তিনি ক্রমাগত বয়ান পাল্টাচ্ছেন৷ সাথে নবেন্দু যোগ করেন, মুখ্য নির্বাচন আধিকারীকের জন্যই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে নানা ফন্দি এঁটে চলেছেন৷

নবেন্দু দাবি জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবং এটিটিএফ বৈরী দলের সুপ্রিমো রঞ্জিৎ দেববর্মার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে৷ পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার মধ্য দিয়ে ত্রিপুরা পূর্ব আসনে ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top