News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে শিলং গেলেন রাজীব কুমার
Image

সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে শিলং গেলেন রাজীব কুমার

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স): সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে কলকাতা থেকে শিলং-এর উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার । শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিমানবন্দরে পৌঁছন রাজীব কুমার । কালো প্যান্ট এবং ধূসর রঙের ব্লেজার পরে নগরপাল গাড়ি থেকে নেমেই ঢুকে যান বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে । তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (১) জাভেদ শামিম, ডিসি (এসটিএফ) মুরলীধর শর্মা এবং গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী । ওই তিন পুলিশ কর্তার সঙ্গেই একই বিমানে শিলং গেলেন মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব । তিনি বর্তমানে তৃণমূলের পর্যবেক্ষক ।


অন্যদিকে শুক্রবার কলকাতায় পৌঁছেছে সিবিআই-এর বিশেষ দল । কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে চিটফান্ড কাণ্ডে জেরা করার ব্যাপারে দেশের শীর্ষ আদালতের সবুজ সংকেত পাওয়ার পরই কোমর বেঁধে নেমেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । বৃহস্পতিবার দশ জনের একটি টিম গঠন করে ফেলেছিল সিবিআই । দিল্লি থেকে দমদমে পা রেখেই গোয়েন্দারা চলে যান সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে । সেখানে মিটিং করেন তারা । বৈঠক শেষে এদিনই সারদার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং সিবিআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে দলটি উড়ে যায় শিলং-এ । তাঁরাই জেরা করবেন কলকাতার পুলিশ কমিশনারকে ।


সুপ্রিম কোর্ট রায় দেওয়ার দুপুরেই রাজীব কুমার সিবিআইকে চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে চান । কিন্তু সিবিআই পুলিশ কমিশনারের প্রস্তাবিত তারিখে সম্মতি দেয়নি । কেন্দ্রীয় এজেন্সির তরফে তাঁকে বলা হয় ৯ ফেব্রুয়ারি শিলং পৌঁছতে । এর আগেও সিবিআই নোটিশ পাঠিয়েছিল রাজীব কুমারকে । কিন্তু তিনি যাননি বলেই গোয়েন্দারা জানিয়েছেন আদালতে। গত রবিবার লাউডন স্ট্রিটে রাজীব কুমারের সরকারি বাসভবনে সিবিআইয়ের একটি দল পৌঁছয় । তার পর পরিস্থিতি অন্য দিকে মোড় নেয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন । এর পর সিবিআই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । মঙ্গলবার সারদা মামলায় রাজীব কুমারকে গ্রেফতারের বিষয়টি নাকচ করে দিয়ে তদন্তকারীদের সহায়তা করতে তাঁকে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । এবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ । তাই এবার রাজীব কুমারকে যেতেই হলো শিলং ।


এরমধ্যে আবার সিবিআই আধিকারিকরা নোটিশ দিয়ে শিলং যেতে বলেছেন সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে । তাঁকে পাহাড় ঘেরা শহরে ডাকা হয়েছে রবিবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি । রাজ্য সরকারের গঠন করা স্পেশাল ইনভভেস্টিগেশন টিম (সিট) যখন তদন্ত করছিল, তখনই কুণালকে গ্রেফতার করা হয়েছিল । সেই সময় কোর্টে হাজিরা দিতে গেলেই তিনি অভিযোগ করতেন তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে । তাই শিলং-এ রাজীব কুমারের মুখোমুখি কুণাল ঘোষকে বসাতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top