তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথমুখী ভোটারদের ভিড়ও ক্রমশ বাড়তে থাকে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ।
তেলিয়ামুড়া আরডি ব্লকের তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। নিজেদের এলাকার স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে।
অন্যদিকে, মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সেখানেও বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন পোলিং স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তাকর্মীদের বিভিন্ন বুথে পরিস্থিতির উপর নজরদারি চালাতে দেখা যায়।
এখনও পর্যন্ত তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ দিনের নির্বাচনকে ঘিরে বাড়তি তাৎপর্য বহন করছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন ও উৎসবমুখর পরিবেশে স্পষ্ট, স্থানীয় প্রতিনিধি নির্বাচনে নিজেদের মতামত জানাতে যথেষ্ট আগ্রহী ভোটাররা।



















