মুম্বই, ৬ জুন (হি.স.): মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও হিংসার ঘটনায় মুম্বই, দিল্লি এবং নাগপুর থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুণে পুলিশ| ধৃতরা হল যথাক্রমে, মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে দলিত নেতা তথা প্রকাশক সুধীর ধাওয়ালেকে, নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে বিশিষ্ট মানবাধিকার আইনজীবী সুরেন্দ্র গাদলিং এবং সমাজকর্মী মহেশ রাউত এবং সোমা সেনকে| পাশাপাশি নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সমাজকর্মী রোনা উইলসনকে| প্রসঙ্গত, ভীমা কোরেগাঁও হিংসার (১ জানুয়ারি) মাস ছ’য়েক পর গ্রেফতার করা হল পাঁচজনকে|
পুণে সিটি পুলিশের জয়েন্ট কমিশনার রবীন্দ্র কদম-এর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে| পুলিশ সূত্রের খবর, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে| উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণের শনিওয়ারওড়ায় এলগার পরিষদের সভায় বক্তব্য পেশ করেন বিধায়ক জিগনেশ মেবানি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ| অভিযোগ, ওঠে তাঁদের বক্তব্যে উস্কানিমূলক মন্তব্য ছিল| এরপর ১ জানুয়ারি হিংসার ঘটনা ঘটে| ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পুণেতে দলিতদের মিছিলে হামলা হয়|


















