প্রকাশম (অন্ধ্রপ্রদেশ), ৬ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় প্রাইভেট গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দু’জন মহিলা সহ মোট চারজনের| বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলায়, ত্রিপুরান্তাকাম মণ্ডলের অন্তর্গত গোল্লাপাল্লি গ্রামের সন্নিকটে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, এম শ্রীনিবাস রাঘবেন্দ্র, তাঁর স্ত্রী জি কৃষ্ণাভেনী, আই ভাসু বিজয়ালক্ষ্মী এবং প্রাইভেট গাড়ির চালক ডি উপেন্দ্র রেড্ডি|
এসবি সার্কেল ইন্সপেক্টর ওয়াই শ্রীনিবাস রাও জানিয়েছেন, বুধবার সকালে প্রাইভেট গাড়িতে চেপে পাশ্ববর্তী কুরনুল জেলা থেকে বিজয়ওয়াড়া অভিমুখে যাচ্ছিলেন শ্রীনিবাসরা| শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করতে তাঁরা বিজয়ওয়াড়া অভিমুখে যাচ্ছিলেন| গোল্লাপাল্লি গ্রামের সন্নিকটে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির জোরালো সংঘর্ষ হয়| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির আরোহী চারজন যাত্রীর| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|


















