News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে বিদেশে কালো টাকা রাখার অভিযোগ তুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন
Image

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে বিদেশে কালো টাকা রাখার অভিযোগ তুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে বিদেশে কালো টাকা রাখার অভিযোগ তুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কটাক্ষ, এটা কংগ্রেসের কাছে ‘নওয়াজ শরিফ মুহূর্ত।’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ বিষয়ে ব্যবস্থা নেবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন নির্মলা। রবিবার এক সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, যিনি নিজেও আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্ত আছেন, তাঁর বলা উচিত, দলের এক নেতার বিষয়ে তদন্ত করবেন কি না। চিদম্বরম আয়কর দফতরের কাছে বিনিয়োগের হিসেব দেননি। তিনি কালো টাকা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিদেশে গোপনে বেআইনিভাবে টাকা রাখা ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই আইন এনেছে মোদী সরকার। আয়কর দফতরের কর্তাদের সন্দেহ, ১৪টি দেশের ২১টি ব্যাঙ্কে চিদম্বরম ও তাঁর পরিবারের লোকজনের অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টগুলিতে তাঁদের আনুমানিক ৩০০ কোটি মার্কিন ডলার আছে।’
বিজেপি সভাপতি অমিত শাহও কালো টাকা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘এই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনে বাধা দিয়েছেন। কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মোদী সরকার প্রথমেই সিট গঠনের সিদ্ধান্ত নেয়।’
শুক্রবার চেন্নাইয়ের একটি বিশেষ আদালতে চিদম্বরম, তাঁর স্ত্রী নলিনী, ছেলে কার্তি, জামাই শ্রীনিধি ও কার্তি যুক্ত আছেন এমন একটি সংস্থার বিরুদ্ধে বিদেশে কালো টাকা রাখা সংক্রান্ত আইনে মামলা দায়ের করেছে আয়কর দফতর। চিদম্বরমরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিজেপি এই ইস্যু হাতছাড়া করতে নারাজ।
পাল্টা রাফালে চুক্তি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। চিদম্বরমের বিরুদ্ধে বিদেশে কালো টাকা রাখার অভিযোগ অস্বীকার করে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ‘৩৬টি রাফালে কত দামে কেনা হয়েছে, সেটা প্রকাশ করার জন্য প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু পরে তিনি বলেন, এটি প্রতিরক্ষা সংক্রান্ত গোপন বিষয়। তাই প্রকাশ্যে আনা যাবে না।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top